বরাককণ্ঠ প্রতিবেদন। নয়াদিল্লি: মাদক পাচারের বিরুদ্ধে বড় সাফল্য পেল ভারত সরকার। তুরস্ক থেকে কুখ্যাত মাদক পাচারকারী কিংপিন নবপ্রীত সিংকে দেশে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে কেন্দ্র। এই ঘটনাকে ঐতিহাসিক মাইলফলক বলে আখ্যা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
এক সোশ্যাল মিডিয়া পোস্টে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, নবপ্রীত সিং নবাব ভির্ক নামে ভুয়ো পরিচয়ে তুরস্কের নাগরিকত্ব নিয়ে আফগানিস্তান থেকে ভারতে হেরোইন ও মেথামফেটামিন পাচার চালিয়ে যাচ্ছিল।
তিনি জানান, ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলি একের পর এক পর্দা সরিয়ে তার আসল পরিচয় উন্মোচন করে এবং তাকে ট্র্যাক করে। অবশেষে তুরস্ক সরকারের সহযোগিতায় তাকে ডিপোর্ট করতে সক্ষম হয় ভারত।
অমিত শাহ আরও জানান, আজ এই কুখ্যাত মাদক পাচারকারীকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে এবং মাদক পাচার সহ অন্যান্য অপরাধের মামলায় তাকে জেল হেফাজতে রাখা হয়েছে। এই সাফল্যের জন্য তিনি সংশ্লিষ্ট সকল সংস্থাকে অভিনন্দন জানিয়েছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার ২০২৯ সালের ডিসেম্বরের মধ্যে দেশের প্রতিটি নারকো-কার্টেলকে ধ্বংস করতে প্রতিশ্রুতিবদ্ধ। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে সরকার কাজ করে চলেছে।












