বরাককণ্ঠ প্রতিবেদন। নয়াদিল্লি : প্রধানমন্ত্রী জন ধন যোজনার ১২ বছর পূর্তিতে বড় সাফল্যের কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানিয়েছেন, গত ১২ বছরে এই যোজনা অভূতপূর্ব সাফল্য ও রূপান্তরমূলক ফল দিয়েছে। দেশজুড়ে আর্থিক অন্তর্ভুক্তি এবং মানুষের ক্ষমতায়নে এই যোজনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
এক সোশাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী মোদী বলেন, জন ধন যোজনা গত ১২ বছরে যে মাত্রায় এবং যে পরিবর্তন এনেছে, তা নজিরবিহীন।
উল্লেখ্য, ২০১৪ সালের আজকের দিনেই প্রধানমন্ত্রী মোদী এই যোজনা চালু করেছিলেন। বিশ্বের বৃহত্তম আর্থিক অন্তর্ভুক্তি উদ্যোগ হিসেবে এই প্রকল্প আজও সকল ভারতীয়র জন্য ব্যাঙ্কিং পরিষেবার দরজা খুলে দিচ্ছে।
এখনও পর্যন্ত এই যোজনার অধীনে ৫৯ কোটিরও বেশি অ্যাকাউন্ট খোলা হয়েছে, যাতে মোট জমার পরিমাণ ৩ লক্ষ ১৭ হাজার কোটি টাকা। এর মধ্যে ৭৮ শতাংশ অ্যাকাউন্ট খোলা হয়েছে গ্রামীণ বা আধা-শহরাঞ্চলে। আর প্রায় ৫৬ শতাংশ অ্যাকাউন্টের মালিক মহিলারা।












