বরাকে দায়িত্ব পেলেন দীপায়ন চক্রবর্তী, বিজয় মালাকার ও সুদীপ চক্রবর্তী
বরাককণ্ঠ প্রতিবেদন: তৃণমূল থেকে দলকে আরও শক্তিশালী করতে অসমের ৩৯টি জেলায় বড়সড় রদবদল করল অসম প্রদেশ ভারতীয় জনতা পার্টি। শনিবার প্রদেশ সভাপতি দিলীপ শইকিয়া সবকটি জেলার জন্য নতুন প্রভারী ও সহপ্রভারীর নাম ঘোষণা করেন। অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতাকে গুরুত্ব দিয়ে এই নিয়োগ করা হয়েছে বলে দলের তরফে জানানো হয়েছে।
বরাক উপত্যকায় নতুন দায়িত্ব
শ্রীভূমি জেলার প্রভারী হিসেবে মনোনীত হয়েছেন অভিজ্ঞ রাজনীতিবিদ ও প্রাক্তন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। তাঁকে সহযোগিতা করবেন সহপ্রভারী সুরজ সেন।
কাছাড় জেলার প্রভারীর দায়িত্ব পেয়েছেন রামকৃষ্ণনগরের জনপ্রিয় বিধায়ক বিজয় মালাকার। তাঁর সঙ্গে সহপ্রভারী হিসেবে কাজ করবেন সৈকত দত্তচৌধুরী।

হাইলাকান্দি জেলার প্রভারী হয়েছেন সুদীপ চক্রবর্তী। এই জেলার সহপ্রভারীর দায়িত্ব দেওয়া হয়েছে প্রাক্তন বিধায়ক নীহার রঞ্জন দাসকে।
প্রদেশ নেতৃত্বের এই সিদ্ধান্তে বরাকের তিন জেলার কর্মী-সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা গেছে। নতুন দায়িত্বপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে তাঁরা আশা প্রকাশ করেছেন, আগামী দিনে সংগঠন আরও শক্তিশালী ও সক্রিয় হবে।












