বরাককণ্ঠ প্রতিবেদন। দিসপুর : গুয়াহাটিতে বর্ষার পানি জমে নাগরিকদের দৈনন্দিন জীবনে সৃষ্টি হওয়া সমস্যার সমাধান নিশ্চিত করতে রাজ্য সরকারের তৎপরতা অব্যাহত রয়েছে। এই উদ্দেশ্যে গৃহ নির্মাণ ও নগর পরিক্রমা বিভাগের মন্ত্রী কৌশিক রায় আজ সকাল থেকে জালুকবাড়ি সমষ্টির অন্তর্গত মালিগাঁও ও তার পার্শ্ববর্তী এলাকাগুলি পরিদর্শন করে নালা-নর্দমার সামগ্রিক পরিস্থিতি, পানি নিষ্কাশন ব্যবস্থা এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয় খতিয়ে দেখেন। পরিদর্শনকালে মন্ত্রী এলাকার জল নিষ্কাশন ব্যবস্থাকে আরও কার্যকর করার উপর গুরুত্ব দেন। তিনি গুয়াহাটি পৌর নিগম, গুয়াহাটী মহানগর উন্নয়ন কর্তৃপক্ষ, ভারতীয় রেল, লোকনির্মাণ বিভাগ সহ সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
মন্ত্রী বলেন, বর্ষার সময় নগরবাসী যাতে অযথা অসুবিধার মুখোমুখি না হন, সেজন্য বিভাগগুলি সমন্বিত প্রচেষ্টায় কাজ করছে। এই ক্ষেত্রে জনসাধারণের সহযোগিতার যথেষ্ট গুরুত্ব রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। সরকারের প্রচেষ্টাকে সফল করতে জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা অত্যন্ত প্রয়োজনীয় বলে তিনি মন্তব্য করেন।

এই পরিদর্শন কর্মসূচির সময় গৃহ নির্মাণ ও নগর পরিক্রমা বিভাগের আয়ুক্ত সচিব কবিতা পদ্মনাভন, গুয়াহাটী মহানগর উন্নয়ন কর্তৃপক্ষের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক আম্বাতুন এম পি, গুয়াহাটি পৌর নিগমের আয়ুক্ত চিন্ময় ফুকন এবং অন্যান্য বিভাগীয় আধিকারিকরা মন্ত্রীকে সঙ্গ দেন।












