বরাককণ্ঠ প্রতিবেদন: শিলচরের স্থানীয় সংবাদ পোর্টাল ‘বরাকবাণী’-র কার্যালয়ে দুষ্কৃতী হামলার ঘটনা ঘটেছে। হামলায় গুরুতর জখম হয়েছেন ওই প্রতিষ্ঠানের সংবাদকর্মী ও সংবাদ পাঠক রাজু দাস। বৃহস্পতিবার বিকেল চারটা নাগাদ শিলচর দ্বিতীয় লিঙ্করোডের ১১ নম্বর লেনে থাকা ‘বরাকবাণী’ কার্যালয়ে ঘটনাটি ঘটে। এজাহারের ভিত্তিতে এরইমধ্যে মূল অভিযুক্তকে আটক করেছে রাঙ্গিরখাড়ি থানার পুলিশ।
অনুসন্ধানী খবরের জেরেই হামলা, দাবি কর্তৃপক্ষের
জানা গেছে, কয়েকজন দুষ্কৃতী এদিন আচমকা বরাকবাণী কার্যালয়ে ঢুকে সাংবাদিক রাজু দাসের উপর অতর্কিতে হামলা চালায়। বরাকবাণী কর্তৃপক্ষের দাবি, একটি অনুসন্ধানমূলক খবরের জেরেই এই হামলা। মিডিয়া হাউসের তরফে জানানো হয়েছে, অফিসে ঢুকেই অভিযুক্তরা রাজু দাসকে লক্ষ্য করে মারধর শুরু করে। মূল হামলাকারীর সঙ্গে আরও কয়েকজন তখন কার্যালয়ের বাইরে অবস্থান করছিল।
মারধরের ফলে রাজু দাসের মাথায় গুরুতর আঘাত লাগে। রক্তাক্ত অবস্থায় একসময় জ্ঞানও হারিয়ে ফেলেন এই সংবাদকর্মী। পরে তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে বাড়ি নিয়ে আসা হয়েছে বলে জানা গেছে।
চার লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি, ভাঙচুর সিসিটিভিতে বন্দি
শুধু শারীরিক হামলাই নয়, দুষ্কৃতীরা কার্যালয়ের ভেতরে থাকা বিভিন্ন প্রযুক্তিগত সরঞ্জাম, কম্পিউটার ও অন্যান্য জিনিসপত্রে ভাঙচুর চালিয়েছে বলে দাবি করেছে বরাকবাণী। কর্তৃপক্ষের অনুমান, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় চার লক্ষাধিক টাকা।
ঘটনার খবর পেয়ে রাঙিরখাড়ি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ মূল অভিযুক্ত রাহুল দাসকে এরই মধ্যে আটক করেছে। বরাকবাণী কর্তৃপক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
পাল্টা মামলার চেষ্টা, তদন্তে পুলিশ
পুলিশ সূত্রে জানা গেছে, হামলার সঙ্গে জড়িত বাকি দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে। জানা গেছে, ঘটনাটি পুরো সিসিটিভিতে ক্যামেরাবন্দি হওয়ায় চাপে পড়েছে অভিযুক্তরা।
বরাকবাণী কর্তৃপক্ষের অভিযোগ, রাজু দাসের বিরুদ্ধে পাল্টা মামলা করে চাপে ফেলার প্রচেষ্টাও চালানো হচ্ছে। সংবাদমাধ্যমের স্বাধীনতার উপর এই হামলার ঘটনায় শিলচরের সাংবাদিক মহলে তীব্র নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাংবাদিক সংগঠনগুলো দ্রুত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।












