বরাককণ্ঠপ্রতিবেদন: ভাষা শহিদ স্টেশন শহিদ স্মরণ সমিতির পক্ষ থেকে আসামের প্রাক্তন মন্ত্রী গৌতম রায়কে মর্যাদাপূর্ণ ‘উনিশের পদক-২০২৬’ প্রদান করা হয়েছে। আজ কলকাতায় তাঁর বাসভবনে গিয়ে এই সম্মাননা তাঁর হাতে তুলে দেন সমিতির সভাপতি বাবুল হোড়।
উল্লেখ্য, গত ১৮ মে ২০২৬ ভাষা শহিদ স্টেশন, শিলচরের উনিশের মঞ্চে পদক প্রদানের মূল অনুষ্ঠান আয়োজিত হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে শারীরিক অসুস্থতার কারণে গৌতম রায় সেখানে উপস্থিত থাকতে পারেননি। সেদিন সমিতির অন্যতম কর্মকর্তা তথা শিলচরের প্রাক্তন বিধায়ক দীপায়ন চক্রবর্তীর কাছ থেকে তাঁর পক্ষে পদক গ্রহণ করেন সভাপতি বাবুল হোড়।
আজ কলকাতায় প্রথমে উত্তরীয় পরিয়ে শ্রদ্ধেয় গৌতম রায়কে বরণ করা হয়। এরপর ‘উনিশের পদক-২০২৬’ তাঁর হাতে তুলে দেওয়া হয়। উপহার হিসেবে অমর শহিদ কমলা ভট্টাচার্যকে নিয়ে লেখা বর্ণালী ভট্টাচার্যের গ্রন্থও তাঁকে প্রদান করা হয়।
সমিতির সম্পাদক ডা:রাজীব কর জানান, ‘ভাষা শহিদ স্টেশন, শিলচর’ নামকরণ আন্দোলনের অগ্রগণ্য জননেতা তথা বরাকের ভাষা আন্দোলনের অমর শহিদদের মর্যাদা প্রতিষ্ঠার লড়াইয়ে শ্রদ্ধেয় গৌতম রায়ের বলিষ্ঠ প্রয়াসে এই গণদাবি বেগবান হয়েছে। দলমত নির্বিশেষে বরাকের সকল জনপ্রতিনিধিগণ তাঁর নেতৃত্বে এই দাবির সপক্ষে ঐক্যবদ্ধ হয়েছিলেন। আসাম সরকারের মান্যতা দিল্লির স্বরাষ্ট্র মন্ত্রকে পাঠানোর ব্যবস্থাও তিনি করেছিলেন। তাছাড়াও ভাষা শহিদদের পরিবারের সদস্যদের তিনি সর্বদা স্বতঃস্ফূর্ত সহায়তা করে গেছেন।
মহান উনিশে মে’র পূণ্যলগ্নে ‘উনিশের পদক-২০২৬’ তাঁর হাতে অর্পণ করতে পেরে সমিতি কৃতার্থ বলে জানিয়েছেন সম্পাদক ডা: রাজীব কর।












