বরাককণ্ঠ প্রতিবেদন: লোকসংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে শিলচরে দু’দিনব্যাপী লোকগানের কর্মশালা ‘সহজ আলাপ’-এর আয়োজন করেছে FOLKইরা। এই কর্মশালায় আলাপনে থাকছেন কলকাতার জি বাংলা সারেগামাপা খ্যাত লোকশিল্পী ঋষি চক্রবর্তী। কর্মশালা শেষে ১২ জুলাই অনুষ্ঠিত হবে লোকায়ত গানের মূল অনুষ্ঠান ‘আনন্দ-লোক ২০২৬’।
১০-১১ জুলাই সঙ্গীত বিদ্যালয়ে কর্মশালা
আয়োজকদের তরফে জানানো হয়েছে, ‘সহজ আলাপ’ শীর্ষক এই কর্মশালা অনুষ্ঠিত হবে আগামী ১০ ও ১১ জুলাই, শুক্র ও শনিবার। সময় দুপুর ২টা থেকে সন্ধ্যা ৫:৩০টা পর্যন্ত। স্থান শিলচর সঙ্গীত বিদ্যালয়, পার্ক রোড, শিলচর।
দু’দিন ধরে বাউল, ভাটিয়ালি, ভাওয়াইয়া, ঝুমুর সহ বাংলার বিভিন্ন ধারার লোকগান নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেবেন ঋষি চক্রবর্তী। লোকগানের তালিম, বাণী, সুর এবং গায়কির খুঁটিনাটি নিয়েও আলোচনা হবে।
FOLKইরা-র পক্ষ থেকে জানানো হয়েছে, লোকগানের প্রতি আগ্রহী যেকোনো বয়সের মানুষ এই কর্মশালায় অংশ নিতে পারবেন। তবে আসন সংখ্যা সীমিত। আগ্রহীদের শীঘ্রই নাম নথিভুক্ত করার অনুরোধ জানানো হয়েছে।
১২ জুলাই বঙ্গভবনে ‘আনন্দ-লোক ২০২৬’
কর্মশালার পর ১২ই জুলাই, রবিবার শিলচরের বঙ্গভবনে মঞ্চস্থ হবে লোকায়ত গানের মূল অনুষ্ঠান ‘আনন্দ-লোক ২০২৬’। সময় বিকেল ৫ ঘটিকা হইতে।
অনুষ্ঠানে কর্মশালায় অংশগ্রহণকারী শিল্পীদের পাশাপাশি পরিবেশনা করবেন ঋষি চক্রবর্তী ও FOLKইরা দলের ৯ সদস্য। একতারা, ঢোল, দোতারা সহ লোকবাদ্যের সঙ্গতে মাটির গানে মুখরিত হবে বঙ্গভবন প্রেক্ষাগৃহ।

উদ্দেশ্য শিকড়ের সঙ্গে জোড়া
FOLKইরা দলের কর্মকর্তারা জানান, বাণিজ্যিক সঙ্গীতের ভিড়ে লোকগান যাতে হারিয়ে না যায় এবং নতুন প্রজন্ম যাতে নিজের সংস্কৃতির সঙ্গে পরিচিত হয়, সেই উদ্দেশ্যেই ‘সহজ আলাপ’ কর্মশালা ও ‘আনন্দ-লোক’-এর আয়োজন।
বরাক উপত্যকার লোকসংস্কৃতিপ্রেমী সকল মানুষকে এই কর্মশালা ও অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছে আয়োজক সংস্থা। বিস্তারিত তথ্যের জন্য FOLKইরা-র সঙ্গে যোগাযোগ করা যাবে।












