বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি : ভারতের গণতন্ত্র, সংবিধান ও রাজনৈতিক ব্যবস্থাকে সহজ ও সংক্ষিপ্তভাবে পাঠকের কাছে তুলে ধরার উদ্দেশ্যে অধ্যাপক ড.সঙ্গীতা শর্মার রচিত ‘Indian Polity: How Our Democracy Really Works’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ব্যতিক্রম গ্রুপের উদ্যোগে আয়োজিত এই বিশেষ গ্রন্থ প্রকাশনা অনুষ্ঠান আগামী ২২ সেপ্টেম্বর, মঙ্গলবার, বিকেল ৩ টা থেকে গুয়াহাটি প্রেস ক্লাবে অনুষ্ঠিত হবে।
‘Indian Polity: How Our Democracy Really Works’ গ্রন্থে ভারতের সংবিধান, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, রাজনৈতিক কাঠামো এবং রাষ্ট্র পরিচালনার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক সহজ ও বোধগম্য ভাষায় তুলে ধরা হয়েছে। ভারতীয় গণতন্ত্রের কার্যপ্রণালী সম্পর্কে শিক্ষার্থী, গবেষক, প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিপ্রার্থী এবং সাধারণ পাঠকদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে গ্রন্থটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত হয়েছেন অসম সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগ এবং সংস্কৃতি বিভাগের অতিরিক্ত মুখ্যসচিব ড. বি. কল্যাণ চক্রবর্তী। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিশিষ্ট সংগীত শিল্পী তথা ড. ভূপেন হাজারিকার ভ্রাতৃবধূ মনীষা হাজারিকা, রয়্যাল গ্লোবাল ইউনিভার্সিটির সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক কাদিগুয়াং পানমেই, কটন ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জিলি সরকার, হ্যান্ডিক গার্লস কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. বিশ্বজিৎ চৌধুরী, টাটা ইনস্টিটিউট অব সোশ্যাল সায়েন্সেস (টিআইএসএস), গুয়াহাটির সমাজতত্ত্ব ও সামাজিক নৃতত্ত্ব কেন্দ্রের চেয়ারপার্সন ড. স্টিফেন পামেই, প্রাক্তন আইএএস আধিকারিক ও সমাজকর্মী স্বপ্ননীল বরুয়া, জে. বি. ল কলেজের সহকারী অধ্যাপক কৃষ্ণা শর্মা, সুপ্রিম কোর্টের আইনজীবী সীমা শর্মা, গৌহাটি হাইকোর্টের আইনজীবী সোহেলি শীল সরকার, অসম সরকারের প্রাক্তন কমিশনার রেজভির হুসেইন, ব্যতিক্রম গ্রুপের কর্ণধার ড.সৌমেন ভারতীয়া প্রমুখ।
অনুষ্ঠান সম্পর্কে ড.সৌমেন ভারতীয়া বলেন, “ভারতের গণতন্ত্র, সংবিধান ও রাজনৈতিক ব্যবস্থাকে সহজভাবে বোঝার জন্য ‘Indian Polity: How Our Democracy Really Works’ একটি অত্যন্ত সময়োপযোগী গ্রন্থ। বিশেষ করে তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের কাছে ভারতীয় গণতন্ত্রের প্রকৃত কার্যপ্রণালীকে সহজভাবে তুলে ধরার ক্ষেত্রে এই বই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জ্ঞান, শিক্ষা ও সমাজসচেতনতার প্রসারে ব্যতিক্রম গ্রুপ বরাবরই বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে আসছে। এই গ্রন্থ প্রকাশনার উদ্যোগ সেই ধারাকেই আরও সমৃদ্ধ করবে।”
অধ্যাপক ড. সঙ্গীতা শর্মা বলেন, “ভারতীয় গণতন্ত্র আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে গভীরভাবে যুক্ত হলেও এর কাঠামো ও কার্যপ্রণালী সম্পর্কে অনেকেরই স্পষ্ট ধারণা নেই। ‘Indian Polity: How Our Democracy Really Works’ লেখার মূল উদ্দেশ্য ছিল জটিল রাজনৈতিক ও সাংবিধানিক বিষয়গুলিকে সহজ, সংক্ষিপ্ত ও বোধগম্যভাবে পাঠকের সামনে তুলে ধরা। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্ম যেন ভারতীয় গণতন্ত্রকে শুধু একটি রাজনৈতিক ব্যবস্থা হিসেবে নয়, বরং নিজেদের অধিকার, দায়িত্ব ও নাগরিক জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বুঝতে পারে, সেই লক্ষ্যেই এই বইটি রচনা করেছি। ব্যতিক্রম গ্রুপের উদ্যোগে বইটির আনুষ্ঠানিক প্রকাশ আমার কাছে অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়।”
অনুষ্ঠানে প্রবেশ অবাধ।












