বরাককণ্ঠ প্রতিবেদন: ব্রিকস বৈঠকের আবহেই ভারত-চিন সম্পর্কে বড় কূটনৈতিক ইঙ্গিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বাধীন বিদেশনীতির অবস্থানকে প্রকাশ্যে স্বাগত জানাল চিন।
চিনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র গুয়ো জিয়াকুন জানিয়েছেন, ভারতের বিদেশনীতি সংক্রান্ত মোদীর বক্তব্যকে বেজিং গুরুত্বের সঙ্গে দেখে।
গত সপ্তাহে সাত বছর পর ভারত সফরে এসে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রেসিডেন্ট শি জিনপিং। সেই বৈঠকেই মোদী জানান, ভারতের বিদেশনীতি সম্পূর্ণ স্বাধীন। দিল্লি-বেজিং সম্পর্ক কোনও তৃতীয় দেশের দ্বারা প্রভাবিত হবে না এবং ভারতের মাটি চিন-বিরোধী কোনও কাজে ব্যবহার করতে দেওয়া হবে না।
মোদীর এই স্পষ্ট বার্তাকেই মান্যতা দিয়েছে বেজিং। চিনের মতে, ভারত ও চিন একে অপরের অংশীদার, প্রতিদ্বন্দ্বী নয়। দুই দেশের বাস্তবতা ভিন্ন হলেও পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই উন্নয়ন সম্ভব।
তবে সীমান্ত প্রশ্নে অনড় থেকেছে নয়াদিল্লিও। মোদী বৈঠকে স্পষ্ট করেছেন, সীমান্তে শান্তি বজায় রাখা এবং পুরনো চুক্তি মেনে চলাই সম্পর্ক স্বাভাবিক করার প্রধান শর্ত।
কূটনৈতিক মহলের মতে, আমেরিকার সঙ্গে ভারতের ঘনিষ্ঠতা এবং কোয়াড নিয়ে চিনের উদ্বেগের প্রেক্ষাপটে মোদীর এই বার্তা এবং তাতে বেজিংয়ের ইতিবাচক সাড়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ।












