নিজস্ব প্রতিবেদন: বিধানসভার পর এবার সংসদে তৃণমূলের ঘর ভাঙার ইঙ্গিত। আগামী সপ্তাহেই দলের সংসদীয় দলে বড়সড় ভাঙন হতে পারে বলে রাজনৈতিক মহলে গুঞ্জন। বাদল অধিবেশন শুরুর আগেই এই প্রক্রিয়া সেরে ফেলার তোড়জোড় চলছে।
বিধানসভায় ৮০ জন বিধায়কের মধ্যে দুই-তৃতীয়াংশের বেশি একজোট হয়ে আলাদা দল করে বিরোধী আসন দখল করেছে। সংসদেও একই কৌশল। নিয়ম বলছে, দলবিরোধী আইন থেকে বাঁচতে মোট সাংসদের তিন ভাগের দুই ভাগ একসঙ্গে দল ছাড়তে হবে। তৃণমূলের সাংসদ সংখ্যা ২৭। অঙ্কের হিসাবে ১৮-১৯ জন একসঙ্গে বেরিয়ে গেলে আইনি বাধা থাকবে না।
সূত্রের খবর, প্রথম ধাপে ১২ জন সাংসদ দলত্যাগের সিদ্ধান্ত প্রায় পাকা করে ফেলেছেন। এরপর আরও ৬ জন একই পথে হাঁটার প্রস্তুতি নিচ্ছেন। সংখ্যাটা ১৮ পেরোলেই দুই-তৃতীয়াংশের শর্ত পূরণ হবে।
যাঁরা দল ছাড়ছেন তাঁদের মধ্যে কয়েকজন দলের শীর্ষস্তরের অত্যন্ত কাছের বলেই পরিচিত। তবে এখনই সবার নাম প্রকাশে অনীহা ওই গোষ্ঠীর। নিরাপত্তার কথা ভেবে ধাপে ধাপে নাম সামনে আসবে।
নিম্নকক্ষের পর উচ্চকক্ষেও একই ছবি দেখা যেতে পারে বলে রাজনৈতিক মহলের অনুমান।












