বরাককণ্ঠ প্রতিবেদন: প্রতি বছর ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করে আসছে শিলচরের সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ। পরিবেশ বাঁচানোর লড়াইকে তারা নিছক একদিনের অনুষ্ঠান মনে করে না। ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবেই বছরের পর বছর এই দিনটিকে সচেতনতার দিন হিসেবে পালন করে সংগঠনটি। এবারও তাদের বার্তা একটাই — ‘প্রকৃতি বাঁচাও, ভবিষ্যৎ গড়ো’।
সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ, শিলচরের সাধারণ সম্পাদক অজয়কুমার রায় সকলের কাছে আবেদন জানিয়েছেন। তাঁর কথায়, আমরা যে বাতাসে নিঃশ্বাস নিই, যে জল পান করি, যে মাটিতে ফসল ফলাই — সবই প্রকৃতির দান। এই দানকে রক্ষা করার দায়িত্ব আমাদেরই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভাবনাটাই সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের আসল শক্তি। তাই প্রতি বছর এই দিনে তারা মানুষকে গাছ লাগাতে, জল বাঁচাতে উদ্বুদ্ধ করে।

অজয়কুমার রায় বলেন, পৃথিবী আমাদের পূর্বপুরুষের সম্পত্তি নয়। এটি আমরা সন্তানদের কাছ থেকে ধার নিয়েছি। সেই ধার শোধ করতে হবে সবুজ বাড়িয়ে, নদী বাঁচিয়ে, দূষণ কমিয়ে।













