,

পুজোর আগেই বদলাবে বরাকের সড়কের চেহারা, দিসপুরে হাই-লেভেল বৈঠকে বড় সিদ্ধান্ত মন্ত্রী কৃষ্ণেন্দু পালের

বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি: উৎসবের মরশুমের আগেই সুখবর আসছে বরাকবাসীর জন্য। দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে থাকা বরাক উপত্যকার জাতীয় সড়ক ও গুরুত্বপূর্ণ সংযোগকারী সড়কগুলির সংস্কারের কাজ দুর্গাপুজোর আগেই শুরু হচ্ছে। বুধবার দিসপুর জনতা ভবনে বরাক উপত্যকা উন্নয়ন মন্ত্রী কৃষ্ণেন্দু পালের পৌরোহিত্যে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোন কোন সড়কের অবস্থা শোচনীয়?…

বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি: উৎসবের মরশুমের আগেই সুখবর আসছে বরাকবাসীর জন্য। দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে থাকা বরাক উপত্যকার জাতীয় সড়ক ও গুরুত্বপূর্ণ সংযোগকারী সড়কগুলির সংস্কারের কাজ দুর্গাপুজোর আগেই শুরু হচ্ছে। বুধবার দিসপুর জনতা ভবনে বরাক উপত্যকা উন্নয়ন মন্ত্রী কৃষ্ণেন্দু পালের পৌরোহিত্যে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোন কোন সড়কের অবস্থা শোচনীয়?

বর্তমানে বরাকের সড়ক যোগাযোগ ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে।
– মালিডহর থেকে বদরপুর পর্যন্ত জাতীয় সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।
– শিলচর-শ্রীভূমি (করিমগঞ্জ) সড়কে যান চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
– শ্রীভূমি-সুতারকান্দি আন্তর্জাতিক বাণিজ্য পথের অবস্থাও তথৈবচ।
– শ্রীভূমি বাইপাস থেকে লোয়াইরপোয়া-চুরাইবাড়ি পর্যন্ত ত্রিপুরা-অসম সংযোগকারী প্রধান সড়কটি কার্যত চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বর্ষায় এই সড়কগুলির অবস্থা আরও ভয়াবহ আকার ধারণ করেছে। প্রতিদিন দুর্ঘটনা, যানজট এবং পণ্য পরিবহনে চরম সমস্যার মুখোমুখি হচ্ছেন সাধারণ মানুষ।

দিসপুরে হাই-লেভেল বৈঠক

এই সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যেই বুধবার নিজের কার্যালয়ে বৈঠক ডাকেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের কমিশনার সচিব সঞ্জীব শ্যাম, বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের অতিরিক্ত সচিব আদিত্য বিক্রম যাদব, পূর্ত বিভাগের (সড়ক) চিফ ইঞ্জিনিয়ার হেমন্ত দেউরি ভরালি, এনএইচআইডিসিএল-এর শীর্ষ কর্তা বি কুমার এবং পূর্ত বিভাগের কাছাড়, শ্রীভূমি ও হাইলাকান্দি ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াররা।

এছাড়া কাছাড়, শ্রীভূমি ও হাইলাকান্দি জেলার তিন জেলা আয়ুক্ত ভার্চুয়াল মাধ্যমে বৈঠকে অংশ নিয়ে নিজ জেলার সড়কের বাস্তব চিত্র তুলে ধরেন।

বৈঠকে কী সিদ্ধান্ত হলো?

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, “বরাক উপত্যকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক সংস্কারের অগ্রগতি, কাজের ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জ এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।”

তিনি জানান, বৈঠকে বিশেষভাবে আলোচনা হয়েছে –
রংপুর, শিলচর শহর এলাকা, শ্রীকোনা, পাঁচগ্রাম, মালুয়া এবং করিমগঞ্জ বাইপাসের জাতীয় সড়কগুলির সংস্কার নিয়ে। এই সবকটি সড়কের টেন্ডার প্রক্রিয়া শেষ পর্যায়ে এবং খুব শীঘ্রই কাজ শুরু হবে।

এক সপ্তাহের মধ্যে কাজ শুরু

মন্ত্রী আরও ঘোষণা করেন, মালিডহর থেকে কালাইন হয়ে শিলচর পর্যন্ত সবচেয়ে ক্ষতিগ্রস্ত অংশের মেরামতির কাজ আগামী এক সপ্তাহের মধ্যেই শুরু হবে। একই সঙ্গে শ্রীভূমি শহর হয়ে সুতারকান্দি সড়ক এবং শ্রীভূমি বাইপাস হয়ে লোয়াইরপোয়া বাইপাস ও চুরাইবাড়ি পর্যন্ত সড়কের কাজও অচিরেই শুরু হবে।

তিনি বলেন, “পুজোর আগেই বরাকের বিভিন্ন সড়ক সংস্কারের কাজ দৃশ্যমান হবে, এটাই আমাদের লক্ষ্য। বুধবারের বৈঠকে সড়কের সবচেয়ে ক্ষতিগ্রস্ত অংশগুলি যুদ্ধকালীন তৎপরতায় সংস্কারের জন্য তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”

জেলা আয়ুক্তদের নিজ নিজ জেলায় সড়ক সংস্কারের কাজে কড়া নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নির্মাণকারী সংস্থাগুলিকে নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে কাজ শেষ করতে কড়া বার্তা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *