জনতার রোষ থেকে অভিযুক্তকে রক্ষা করে পুলিশের হাতে তুলে দিলেন জিডিপিসিএফ সভাপতি অংশুমান পাল
বরাককণ্ঠ প্রতিবেদন। দুর্লভছড়া: মোকামছড়ায় এক নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ঘিরে বৃহস্পতিবার বিকেলে উত্তপ্ত হয়ে ওঠে দুর্লভছড়া সিংলা নদীর সেতু এলাকা।
গত ৯ জুলাই বিকেল আনুমানিক সাড়ে তিনটার সময় ‘চৌহান’ পদবীধারী এক ব্যক্তিকে সেতুর উপর আটকে দেন স্থানীয়রা। অভিযোগ জানাজানি হতেই বাজারের আশপাশ থেকে প্রায় দুই থেকে তিনশো মানুষ জড়ো হয়ে যান। উত্তেজিত জনতার মধ্যে অভিযুক্তকে মারধরের আশঙ্কা তৈরি হয়।
ঠিক সেই মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছান বৃহত্তর দুর্লভছড়া প্রগতিশীল নাগরিক মঞ্চ তথা জিডিপিসিএফ-এর সভাপতি অংশুমান পাল। তিনি উপস্থিত সবাইকে শান্ত থাকার আহ্বান জানান এবং আইন নিজের হাতে না নেওয়ার অনুরোধ করেন। একই সঙ্গে তিনি মোবাইলে শ্রীভূমি পুলিশের ডিএসপি হেডকোয়ার্টার মানস প্রতিম চৌধুরী এবং রাতাবাড়ি থানার ওসি চিত্তব্রত বরাকে বিষয়টি জানান।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের একটি বড় দল। পুলিশ অভিযুক্তকে হেফাজতে নিয়ে রাতাবাড়ি থানায় নিয়ে যায়। পরে নাবালিকার পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দাখিল হয়। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করেছে।
এই ঘটনায় সময়োচিত হস্তক্ষেপ করে বড় অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য অংশুমান পালের ভূমিকার প্রশংসা করছেন এলাকাবাসী ও নেটিজেনরা। অংশুমান পালও শ্রীভূমি পুলিশ ও রাতাবাড়ি থানার তৎপরতার ভূয়সী প্রশংসা করেছেন।












