দ্বারকায় নামঘর-সহ ‘কালচারাল সেন্টার’, জানুয়ারিতে ভিতপূজা: মুখ্যমন্ত্রী
বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি : প্রবাসে থেকেও যাতে অসমিয়া সংস্কৃতি ও আধ্যাত্মিক চর্চা অটুট থাকে, সেই ভাবনা থেকেই রাজধানী দিল্লিতে নিজস্ব সাংস্কৃতিক কেন্দ্র গড়ার সিদ্ধান্ত নিল অসম সরকার।
রবিবার দ্বারকার সেক্টর ১৭-এ প্রস্তাবিত ‘অসম কালচারাল-কাম-কনভেনশন সেন্টার’ এবং নামঘরের জন্য বরাদ্দ জমি ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মা।
পরিদর্শনের পর তিনি জানান, দিল্লি-এনসিআর-এ ছড়িয়ে থাকা অসমের মানুষের জন্য এটি হবে এক মিলনভূমি। এখানে থাকবে শংকর-মাধবের নামঘরের আদলে তৈরি একটি প্রার্থনাগৃহ। পাশাপাশি আধুনিক মানের কনভেনশন হলও গড়ে তোলা হবে।
পরিকল্পনা অনুযায়ী, দোতলা ভবনের উপরের অংশে থাকবে নামঘর। আর নীচে ৩০ থেকে ৪০ জন বসার উপযোগী বহুমুখী হল। এই হলে বিহু-নৃত্য, সাহিত্য সভা, ধর্মীয় আলোচনা, বিবাহ ও সামাজিক অনুষ্ঠান সবই করা যাবে।

মুখ্যমন্ত্রী জানান, আগামী বছরের জানুয়ারি মাস থেকেই নির্মাণ কাজ শুরু করার লক্ষ্য নেওয়া হয়েছে। তাঁর কথায়, “কাজের জন্য, পড়াশোনার জন্য বা চিকিৎসার জন্য দিল্লিতে আসা আমাদের মানুষজন যাতে নিজস্ব সংস্কৃতির ছোঁয়া পান, সেই কারণেই এই কেন্দ্র।”
তিনি আরও বলেন, দিল্লির মতো কলকাতা, বেঙ্গালুরু ও মুম্বইতেও পর্যায়ক্রমে একই ধাঁচের সাংস্কৃতিক পরিকাঠামো তৈরির ভাবনা রয়েছে। উদ্দেশ্য একটাই, দেশের যে প্রান্তেই থাকুন না কেন, অসমিয়া মানুষ যেন নিজের শিকড়ের সঙ্গে যুক্ত থাকতে পারেন।













