বরাককণ্ঠ প্রতিবেদন: বিশ্বজুড়ে যুদ্ধ, অনিশ্চয়তা এবং লাগাতার সঙ্কটের মধ্যেও ভারত দ্রুত গতিতে এগোচ্ছে, ৭.৮ শতাংশ আর্থিক বৃদ্ধির জন্য দেশবাসীকে অভিনন্দন জানিয়ে ফের একবার স্বদেশি পণ্য ব্যবহারের ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মঙ্গলবার একটি ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী দেশবাসীর কাছে আবেদন জানান, অপ্রয়োজনে সোনা কেনা বন্ধ করুন, বিদেশে বিলাসবহুল ভ্রমণ এবং বিদেশে গিয়ে বিয়ের অনুষ্ঠান করা এড়িয়ে চলুন।
প্রধানমন্ত্রী বলেন, “আজ যখন সারা বিশ্বে যুদ্ধ চলছে, জোগান শৃঙ্খল ভেঙে পড়ছে, চারিদিকে সঙ্কট, তখনও ভারত দ্রুত গতিতে এগিয়ে চলেছে। কিছু মানুষ হতাশার মধ্যে ডুবে থেকে দেশজুড়ে মিথ্যা ছড়াচ্ছে, কিন্তু দেশের যুব সমাজ আজ যে পরিশ্রম করছে, তার ফলেই তাদের স্বপ্ন আগামী দিনে পূরণ হবে।”
তিনি বলেন, দেশকে আত্মনির্ভর করে তুলতে হলে দেশি পণ্যের ওপর আরও বেশি জোর দিতে হবে। সরকারের নীতি এবং উদ্দেশ্য একদম সঠিক পথে রয়েছে এবং দেশের উন্নতিতে সাধারণ মানুষকেও নিজেদের অবদান রাখতে হবে।
উল্লেখ্য, তেলের পরেই সোনা হল ভারতের দ্বিতীয় বৃহত্তম আমদানি পণ্য। বিপুল পরিমাণে সোনা কেনা বন্ধ হলে দেশের সামগ্রিক আমদানি খরচ অনেকটাই কমে যাবে, যা অর্থনীতির জন্য অত্যন্ত ইতিবাচক হবে।












