বরাককণ্ঠ প্রতিবেদন। ডিব্রুগড় : ডিব্রুগড়ের ১৪৩ বছরের ঐতিহ্যবাহী ইন্ডিয়া ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয় ব্যতিক্রম গ্রুপের কর্ণধার ড.সৌমেন ভারতীয়াকে। ইন্ডিয়া ক্লাবের সভাপতি তথা ডিব্রুগড় পৌর নিগমের মেয়র ড.সৈকত পাত্রের আন্তরিক উদ্যোগ ও সৌজন্যে আয়োজিত এই উষ্ণ সংবর্ধনা অনুষ্ঠানে ব্যতিক্রম গ্রুপের দীর্ঘ সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সমাজের প্রতি দায়বদ্ধতার প্রতি শ্রদ্ধা জানানো হয়। শতাধিক বছরের ইতিহাস, ঐতিহ্য ও অভিজ্ঞতায় সমৃদ্ধ একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে পাওয়া এই সম্মান ড. সৌমেন ভারতীয়ার কাছে হয়ে ওঠে এক আবেগঘন ও স্মরণীয় মুহূর্ত।
অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন ডিব্রুগড় পৌর নিগমের মেয়র ড.সৈকত পাত্র, জেআইএস গ্রুপের ডেপুটি ডাইরেক্টর-বিজনেস ডেভেলপমেন্ট বিদ্যুৎ মজুমদার, ব্যতিক্রম গ্রুপের কর্ণধার ড.সৌমেন ভারতীয়া প্রমুখ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডিব্রুগড় পৌর নিগমের মেয়র ড. সৈকত পাত্র বলেন, “ব্যতিক্রম দীর্ঘদিন ধরে অসমের সাংস্কৃতিক পরিসরকে সমৃদ্ধ করার পাশাপাশি অসমের বাইরে গিয়েও বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড ও অনুষ্ঠানের মাধ্যমে মানুষের মধ্যে এক সুন্দর সেতুবন্ধন তৈরি করে চলেছে। বিশেষ করে নতুন প্রজন্মকে আমাদের সংস্কৃতি, সংগীত ও ঐতিহ্যের সঙ্গে যুক্ত করার ক্ষেত্রে ব্যতিক্রমের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভূপেন হাজরিকা, জয়ন্ত হাজরিকা, আর. ডি. বর্মন, এস. ডি. বর্মনের মতো বিশিষ্ট শিল্পী ও সুরস্রষ্টাদের নিয়ে ব্যতিক্রম দেশের বিভিন্ন প্রান্তে যে ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড ছড়িয়ে দিচ্ছে, তা মানুষের মধ্যে সংস্কৃতির প্রতি নতুন আগ্রহ তৈরি করছে। এক স্থান থেকে অন্য স্থান, এক প্রজন্ম থেকে অন্য প্রজন্ম এবং বিভিন্ন সাংস্কৃতিক পরিসরের মধ্যে যে সংযোগ ও আত্মীয়তার সম্পর্ক ব্যতিক্রম গড়ে তুলছে, তা অত্যন্ত আনন্দের বিষয়। এবার ডিব্রুগড়ের মাটিতে ব্যতিক্রমের এই উদ্যোগের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এমন একটি সাংস্কৃতিক কর্মকাণ্ডের অংশ হতে পারা আমাদের কাছেও বিশেষ অনুভূতির।”
সম্মান গ্রহণ করে ব্যতিক্রম গ্রুপের কর্ণধার ড.সৌমেন ভারতীয়া বলেন, “কিছু মুহূর্ত ভাষায় প্রকাশ করা যায় না, অনুভব করতে হয়। ইন্ডিয়া ক্লাব, ডিব্রুগড়ের পক্ষ থেকে পাওয়া এই উষ্ণতা ও সম্মান আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। ১৪৩ বছরের ঐতিহ্য, অভিজ্ঞতা ও সামাজিক দায়বদ্ধতায় সমৃদ্ধ একটি প্রতিষ্ঠানের স্নেহ, সম্মান ও আন্তরিকতায় আমরা গভীরভাবে আপ্লুত। এই স্মৃতি আমাদের পথচলায় চিরকাল এক অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।”
তিনি আরও বলেন, “ইন্ডিয়া ক্লাবের ১৪৩ বছরের দীর্ঘ পথচলার সঙ্গে জড়িয়ে রয়েছে অসংখ্য ইতিহাস, স্মৃতি, অভিজ্ঞতা ও সমাজের প্রতি দায়বদ্ধতার কাহিনি। এই ইতিহাস শুধুমাত্র একটি প্রতিষ্ঠানের ইতিহাস নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে ডিব্রুগড় তথা অসমের সামাজিক ও সাংস্কৃতিক জীবনের বহু মূল্যবান অধ্যায়। ইন্ডিয়া ক্লাবের এই গৌরবময় ইতিহাস, ঐতিহ্য, উল্লেখযোগ্য কর্মকাণ্ড ও দীর্ঘ অভিজ্ঞতাকে নিয়ে ব্যতিক্রম গ্রুপের পক্ষ থেকে একটি বিশেষ গ্রন্থ প্রকাশের উদ্যোগ নেওয়া হবে। এই গ্রন্থের মাধ্যমে ইন্ডিয়া ক্লাবের ১৪৩ বছরের পথচলার মূল্যবান অধ্যায়গুলি বৃহত্তর সমাজের সামনে তুলে ধরতে চাই আমরা। আমাদের কাছে এটি শুধুমাত্র একটি প্রকাশনা হবে না; বরং ১৪৩ বছরের একটি ঐতিহ্যকে শ্রদ্ধার সঙ্গে লিপিবদ্ধ করে ভবিষ্যৎ প্রজন্মের হাতে তুলে দেওয়ার একটি আন্তরিক প্রয়াস হবে। ইন্ডিয়া ক্লাবের পক্ষ থেকে যে ভালোবাসা ও সম্মান পেলাম, তার স্মৃতি এবং এই সম্পর্ককে আমরা আগামী দিনেও আরও গভীর ও অর্থবহ করে তুলতে চাই। সংস্কৃতির মাধ্যমে মানুষের মধ্যে যে আত্মিক সম্পর্ক তৈরি হয়, এই উদ্যোগ সেই সম্পর্ককে আরও শক্তিশালী করবে বলে আমরা বিশ্বাস করি।”
ইন্ডিয়া ক্লাবের পক্ষ থেকে ড. সৌমেন ভারতীয়াকে দেওয়া এই সংবর্ধনা দুই প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সাংস্কৃতিক আদান-প্রদান ও ভবিষ্যৎ সহযোগিতার এক নতুন অধ্যায়ের সূচনা করল। ডিব্রুগড়ের মাটিতে ব্যতিক্রমের এই সাংস্কৃতিক কর্মকাণ্ড স্থানীয় সাংস্কৃতিক পরিসরকে আরও সমৃদ্ধ করবে এবং অসমের ঐতিহ্য ও সংস্কৃতিকে বৃহত্তর পরিসরে পৌঁছে দেওয়ার ধারাকে আরও শক্তিশালী করবে বলে আশাবাদী।












