বরাককণ্ঠ প্রতিবেদন : ঝাড়খণ্ডের বাংলা ভাষীদের দাবির পাশে দাঁড়ালো সর্বভারতীয় বাংলা ভাষা মঞ্চ সর্বভারতীয় বাংলা ভাষা মঞ্চের কেন্দ্রীয় সম্পাদক নীতীশ বিশ্বাস এক বিবৃতিতে জানিয়েছেন, রাজ্যের স্কুল শিক্ষার পুনর্জাগরণ, উচ্চ শিক্ষায় শিক্ষক নিয়োগ এবং বাংলা আকাদেমির সরকারি অনুমোদনের দাবিতে ঝাড়খণ্ড বাংলা ভাষী উন্নয়ন সমিতি আন্দোলন করছে।
এই দাবিগুলিকে সামনে রেখে রাজ্য বিধানসভার বাদল অধিবেশন চলাকালীন গত ১০ই আগস্ট রাঁচির বিধানসভা সংলগ্ন কুটে ময়দানে একদিবসীয় সমাবেশ ও অবস্থান বিক্ষোভের আয়োজন করা হয়। সমাবেশের মূল আহ্বায়ক ছিলেন শিক্ষিকা রীণা মণ্ডল। তাঁর আমন্ত্রণে উক্ত অবস্থানে সর্বভারতীয় বাংলা ভাষা মঞ্চের এক প্রতিনিধি দল যোগ দেয়।
সমাবেশে মঞ্চের কেন্দ্রীয় নেতৃত্ব অমিতাভ চক্রবর্তী এবং রাজ্য সম্পাদক দিলীপ পাল সমিতির ন্যায্য দাবির প্রতি সমর্থন ও অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন।
সমিতির নেতা দুর্গাদাস ভাণ্ডারী জানান, একই দিনে বিধানসভায় বিধায়ক সোমেশ সোরেন, উদয় শংকর সিং, সমীর মোহান্তি ও অরূপ চ্যাটার্জি এই দাবির প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য পেশ করেন। রীণা মণ্ডল জানান, “যতদিন দাবি পূরণ না হবে, ততদিন তাঁদের আন্দোলন আরও বৃহৎ আকারে চলবে।”












