জনসংযোগ। শিলচর : কাছাড় জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে ১২ সেপ্টেম্বর কাছাড় জেলায় জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হয়। এই জাতীয় লোক আদালতে বিভিন্ন বিচারাধীন মামলার পাশাপাশি প্রাক্-মামলা পর্যায়ের একাধিক বিষয়ও নিষ্পত্তির জন্য গ্রহণ করা হয়।
জাতীয় লোক আদালতে মোটরযান আইন-সংক্রান্ত মামলা, দেওয়ানি মামলা, ফৌজদারি মামলা, বৈবাহিক বিরোধ-সংক্রান্ত মামলা এবং এমএসিটি সংক্রান্ত মামলাসহ বিভিন্ন বিচারাধীন মামলা গ্রহণ করা হয়। পাশাপাশি ব্যাংকের ঋণ আদায়, টেলিফোন বিল এবং বিদ্যুৎ বিল-সংক্রান্ত প্রাক্-মামলা পর্যায়ের মামলাও নিষ্পত্তির জন্য গ্রহণ করা হয়।
কাছাড় জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, মোট ১১৭০টি বিচারাধীন মামলার মধ্যে ২৯২টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। এসব মামলায় নিষ্পত্তির অর্থের পরিমাণ ১১,১৬,০৪,১০০ টাকা।
অন্যদিকে, মোট ৯৭৬০টি প্রাক্-মামলা পর্যায়ের মামলার মধ্যে ৭৬০টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। এসব মামলায় নিষ্পত্তির অর্থের পরিমাণ ২,৩৭,৬৪,৮৮৪ টাকা।
ফলে জাতীয় লোক আদালতে বিচারাধীন ও প্রাক্-মামলা পর্যায়ের মিলিয়ে মোট ১০৫২টি মামলা নিষ্পত্তি হয়েছে। দুই শ্রেণির মামলায় মোট নিষ্পত্তির অর্থের পরিমাণ ১৩,৫৩,৬৮,৯৮৪ টাকা।












