যোরহাট, ১২ সেপ্টেম্বর: দক্ষতা বিকাশ ও রেশম শিল্প প্রশিক্ষণ কর্মসূচি পর্যালোচনা করতে আজ যোরহাট সফর করলেন অসম সরকারের হস্ততাঁত, বস্ত্র ও রেশম শিল্প, দক্ষতা, নিয়োগ ও উদ্যোগ বিভাগের মন্ত্রী বিশ্বজিৎ দৈমারি।
দিনের প্রথম ভাগে যোরহাটের চন্দ্র কমল বেজবরুয়া বাণিজ্য মহাবিদ্যালয়ের প্রেক্ষাগৃহে একটি দক্ষতা সচেতনতা ও কেরিয়ার ওরিয়েন্টেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডঃ ব্রীজ মোহন হাজরিকার স্বাগত ভাষণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
এই অনুষ্ঠানে টিয়ক সমষ্টির বিধায়ক বিকাশ শইকিয়া, জেলা উন্নয়ন আয়ুক্ত শ্যামল ক্ষেত্র গগৈ, উজনি অসম মণ্ডলের নিয়োগ বিভাগের উপ-সঞ্চালক আবদুর রৌফ এবং ‘নর্থ ইস্ট এগ্রো প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস’-এর স্বত্বাধিকারী আকাশ জ্যোতি গগৈ সহ বেশ কয়েকজন সফল উদ্যোগী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের দক্ষতা বিকাশ, কেরিয়ারের সুযোগ এবং উদ্যোগী মানসিকতা গড়ে তোলার বিষয়ে ধারণা দেওয়া হয়। পাশাপাশি ‘সিএম-ফ্লাইট’ এবং ‘নর্থ ইস্ট স্কিল সেন্টার’ (NESC) সহ বিভিন্ন সরকারি প্রকল্প ও সুযোগ-সুবিধা সম্পর্কেও তাদের সচেতন করা হয়।
ছাত্র-ছাত্রীদের সঙ্গে মতবিনিময় করে মন্ত্রী বিশ্বজিৎ দৈমারি দক্ষতা বিকাশের গুরুত্বের উপর আলোকপাত করেন। তিনি শিক্ষার্থীদের নিজেদের নিয়োগযোগ্যতা বাড়াতে এবং রাজ্যের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে সরকারি প্রকল্প ও প্রশিক্ষণের সুযোগ সঠিকভাবে ব্যবহার করার আহ্বান জানান।
দিনের দ্বিতীয় ভাগে মন্ত্রী তিতাবরের রেশম প্রশিক্ষণ প্রতিষ্ঠান পরিদর্শন করেন। সেখানে তিনি প্রশিক্ষণ কর্মসূচি খতিয়ে দেখেন এবং প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।
এই সফরকালে ঠেঙ্গাল কছাড়ি স্বায়ত্তশাসিত পরিষদের অধ্যক্ষ প্রতাপ কছাড়ি, তিতাবর সমষ্টির বিধায়ক ধীরাজ গোয়ালা, তিতাবরের সহ-জেলা আয়ুক্ত প্রীতম কুমার দাস, রেশম বিভাগের অতিরিক্ত সঞ্চালক আতাউর রহমান এবং অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী বলেন, আত্মকর্মসংস্থান এবং টেকসই জীবিকার উৎস হিসেবে রেশম ক্ষেত্রের বিশাল সম্ভাবনা রয়েছে। তিনি প্রশিক্ষণার্থীদের কারিগরি দক্ষতা অর্জন, আধুনিক পদ্ধতি গ্রহণ এবং রেশম ক্ষেত্রে সফল কেরিয়ার গড়তে উপলব্ধ সুযোগগুলি কাজে লাগাতে উৎসাহিত করেন।












