বরাককণ্ঠ প্রতিবেদক। গুয়াহাটি : গুয়াহাটি শহরের যানজট কমানো এবং পরিকল্পিতভাবে শহরের সম্প্রসারণ ঘটানোর লক্ষ্যে প্রস্তাবিত গুয়াহাটি রিং সড়কের সঙ্গে যুক্ত করে মেট্রো রেল ব্যবস্থা চালুর সম্ভাব্যতা সমীক্ষা করবে অসম সরকার। শুক্রবার ২০২৬-২৭ বর্ষের রাজ্য বাজেটে এই প্রস্তাবের কথা জানানো হয়। সরকারের পরিকল্পনা হল সাধারণ শহরের ভিতরের মেট্রো নয়, বরং গুয়াহাটির আশপাশের শহর ও এলাকার সঙ্গে সংযোগ স্থাপনকারী আঞ্চলিক মেট্রো ব্যবস্থা গড়ে তোলা।
বিধানসভা অধিবেশনের পর আয়োজিত সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মা বলেন, প্রস্তাবিত রিং সড়কের চার দিক ঘিরে মেট্রো নেটওয়ার্ক গড়ে তোলার পরামর্শ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই পরামর্শের ভিত্তিতেই রাজ্য সরকার এই উদ্যোগ নিয়েছে।
মুখ্যমন্ত্রী স্পষ্ট করে জানান, গুয়াহাটি শহরের ভিতরে গতানুগতিক মেট্রো ব্যবস্থা সম্ভব নয়। “গুয়াহাটি একটি ছোট শহর। মালিগাঁও থেকে ভরলুমুখ পর্যন্ত কেউ মেট্রোতে যাবে – এমন ভাবনা বাস্তবসম্মত নয়। আমাদের লক্ষ্য হল নলবাড়ির কেউ যেন বাইহাটা চারিয়ালিতে মেট্রোতে উঠে সরাসরি গুয়াহাটিতে পৌঁছাতে পারেন। এভাবেই শহরের বিস্তার হবে,” বলেন তিনি।
তিনি আরও বলেন, “চাঁদমারি থেকে ক্লাব বা গণেশগুড়ি থেকে উলুবাড়ি পর্যন্ত মেট্রোর প্রয়োজন নেই। আমাদের যা দরকার তা হল এমন একটি ব্যবস্থা যাতে বাইহাটা চারিয়ালি, সিপাঝার বা বিমানবন্দরের মতো জায়গা থেকে মানুষ দ্রুত শহরের বিভিন্ন প্রান্তে যেতে পারেন।”
মুখ্যমন্ত্রীর মতে, এই ধরনের পরিবহন ব্যবস্থা চালু হলে গুয়াহাটির মূল শহরের উপর চাপ কমবে, শহরের আশপাশের এলাকায় পরিকল্পিত উন্নয়ন হবে এবং শহরের পাহাড়ে অনধিকৃত বসতি বন্ধ করতে সাহায্য করবে।
তিনি জানান, এই প্রকল্পের বিস্তারিত প্রতিবেদন তৈরির জন্য দিল্লির মেট্রো পরিচালনাকারী সংস্থার সাহায্য নেওয়া হবে। “একবার প্রকল্পের রূপরেখা তৈরি হয়ে গেলে অর্থের সমস্যা হবে না,” বলেন মুখ্যমন্ত্রী।
এর আগে একই দিনে বিধানসভায় রাজ্য বাজেট পেশের সময় অর্থমন্ত্রী জয়ন্ত মল্লবড়ুয়া ঘোষণা করেন, সরকার গুয়াহাটি রিং সড়কের উপর দিয়ে বা পাশ দিয়ে মেট্রো ব্যবস্থা গড়ার সম্ভাব্যতা সমীক্ষা করবে। বাজেট নথিতে বলা হয়েছে, রিং সড়ক এলাকার বাইরে নগরায়ণকে উৎসাহিত করে যানজট কমানোই এই প্রস্তাবিত মেট্রো ব্যবস্থার মূল উদ্দেশ্য।
রিং সড়ক প্রকল্প সম্পর্কে:
প্রস্তাবিত গুয়াহাটি রিং সড়ক প্রকল্পটি মোট ১২১ কিলোমিটার দীর্ঘ। এর মধ্যে রয়েছে ৫৫ কিলোমিটারের নতুন উত্তর বাইপাস, ব্রহ্মপুত্র নদের উপর ৩ কিলোমিটারের ছয় লেনের সেতু এবং জাতীয় সড়ক-২৭ কে ছয় লেনে উন্নীত করার কাজ।
এই প্রস্তাব সরকারের বৃহত্তর নগর পরিকাঠামো পরিকল্পনার অংশ। চলতি বছরের মার্চ মাসে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, গুয়াহাটির বারবার হওয়া জলাবদ্ধতার সমস্যা সমাধানে মেট্রো সংযোগকে অগ্রাধিকার দেওয়া হবে। একইসাথে শহরের দীর্ঘমেয়াদী বৃদ্ধিকে সহায়তা করার জন্য বড় বড় পরিকাঠামো প্রকল্পগুলিও এগিয়ে নিয়ে যাওয়া হবে।












