বরাককণ্ঠপ্রতিবেদন। গুয়াহাটি : “একটি শক্তিশালী, সুস্থ ও সবুজ বরাক উপত্যকা গড়ে তোলা” – এই লক্ষ্যকে সামনে রেখে ২০২৬-২৭ বর্ষের অসম বাজেটে বরাক উপত্যকার সামগ্রিক উন্নয়নের জন্য একসাথে ৩টি গুরুত্বপূর্ণ প্রকল্পের ঘোষণা করল অসম সরকার।
সরকারের প্রকাশিত তথ্য অনুযায়ী বরাক উপত্যকার প্রশাসনিক কাঠামোকে আরও শক্তিশালী ও জনমুখী করতে শিলচরে অসম সচিবালয়ের পূর্ণাঙ্গ কাজকর্ম চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে কাছাড়, শ্রীভূমি ও হাইলাকান্দি এই তিন জেলার সাধারণ মানুষ গুরুত্বপূর্ণ সরকারি কাজ ও নথি সংক্রান্ত কাজের জন্য আর গুয়াহাটি পর্যন্ত ছুটতে হবে না। সময় এবং খরচ দুটোই বাঁচবে।
একইসাথে বরাক উপত্যকা ও আশপাশের এলাকার মানুষের জন্য উন্নত ও বিশেষ চিকিৎসা পরিষেবা নিশ্চিত করতে ভারত সরকারের সঙ্গে কথা বলে শ্রীভূমিতে সর্বভারতীয় আয়ুর্বিজ্ঞান সংস্থার একটি শাখা কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেবে রাজ্য সরকার। এই কেন্দ্র চালু হলে উন্নত চিকিৎসার জন্য রাজ্যের বাইরে যেতে হওয়ার দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে বলে আশা করা হচ্ছে।
পাশাপাশি বরাক উপত্যকায় পর্যটন ও জীববৈচিত্র্য সম্পর্কে সচেতনতা বাড়াতে শিলচর শহরের প্রাণকেন্দ্রে আধুনিক কাঠামো, প্রকৃতি পরিচয় কেন্দ্র, দর্শনার্থীদের জন্য উন্নত সুবিধা এবং সংরক্ষণমুখী পর্যটন ব্যবস্থা সহ একটি প্রচলিত চিড়িয়াখানা স্থাপনের পরিকল্পনাও নেওয়া হয়েছে।
সরকারের বক্তব্য হল – “কাঠামো গড়ছি। জীবনযাত্রার মান বাড়াচ্ছি। একটি উন্নত বরাক উপত্যকা গড়ে তুলছি।” মুখ্যমন্ত্রী ড.হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকারের এই বাজেট ঘোষণায় প্রশাসন, স্বাস্থ্য ও পর্যটন – এই তিনটি ক্ষেত্রেই বড় বিনিয়োগের মাধ্যমে বরাক উপত্যকাকে স্বনির্ভর ও উন্নত করার দিশা স্পষ্ট হয়েছে।












