বরাককণ্ঠ প্রতিবেদন। নয়াদিল্লি : কৃষক থেকে খেলোয়াড়, সবুজ শক্তি থেকে ক্রীড়া – চারটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বড় ঘোষণা করল কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই ৪টি সিদ্ধান্তে অনুমোদন মিলেছে।
১. PM কিষান প্রকল্পের মেয়াদ বাড়ল ৫ বছর
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার মেয়াদ ২০৩০-৩১ অর্থবর্ষ পর্যন্ত বাড়ানো হল। এর জন্য সওয়া ৩ লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র।
কী মিলবে: যোগ্য কৃষকরা বছরে ৬,০০০ টাকা পাবেন। বছরে ৩টি কিস্তিতে ২,০০০ টাকা করে সরাসরি ব্যাঙ্কে ঢুকবে। ২০১৯ সালে চালু হওয়া এই প্রকল্প থেকে এখনও পর্যন্ত কোটি কোটি কৃষক উপকৃত হয়েছেন।
২. প্রধানমন্ত্রী সূর্য সরোবর যোজনা
দেশে ভাসমান সৌর বিদ্যুৎ ক্ষমতা সাত গুণ বাড়ানোর লক্ষ্য। আগামী ৫ বছরে ৫,০০০ মেগাওয়াট ভাসমান সৌর পিভি স্থাপন করা হবে। বর্তমানে দেশে আছে ৭০০ মেগাওয়াট।
এই প্রকল্পে মোট ৫,০৭০ কোটি টাকা খরচ হবে। প্রতি মেগাওয়াটে ১ কোটি টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হবে।
সব প্রকল্পে ন্যূনতম ২ ঘণ্টার ব্যাটারি স্টোরেজ বাধ্যতামূলক থাকবে। মোট স্টোরেজ ক্ষমতা ১০,০০০ মেগাওয়াট/ঘণ্টা। এর ফলে পিক আওয়ারে রাজ্যগুলি বিদ্যুতের চাহিদা সহজে মেটাতে পারবে।

৩. খেলো ইন্ডিয়ার পুনর্গঠন
তৃণমূল স্তর থেকে প্রতিভা তুলে আনার জন্য খেলো ইন্ডিয়া প্রকল্পকে নতুন করে সাজানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিকাঠামো, প্রশিক্ষণ ও প্রতিযোগিতার ওপর আরও বেশি জোর দেওয়া হবে।
৪. জাতীয় ক্রীড়া ফেডারেশনকে বর্ধিত সহায়তা
জাতীয় ক্রীড়া ফেডারেশনগুলিকে, ANSF-কে কেন্দ্র আরও বেশি আর্থিক সহায়তা দেবে। আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য খেলোয়াড়দের প্রস্তুতি আরও শক্তিশালী করাই এর মূল লক্ষ্য।
কৃষি, জ্বালানি ও খেলা – এই তিন স্তম্ভকে শক্তিশালী করতেই মন্ত্রিসভার এই পদক্ষেপ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।












