বরাককণ্ঠ প্রতিবেদন। পুণে: জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত থেকে লোকমান্য তিলক জাতীয় পুরস্কার গ্রহণ করলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।
শনিবার পুণেতে তিলক স্মারক ট্রাস্টের অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দেওয়া হয়। ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার জন্যই এই সম্মান দেওয়া হয়েছে ৮১ বছরের ডোভালকে।
কে এই অজিত ডোভাল:
মিজোরাম, সিকিম, পঞ্জাব এবং জম্মু-কাশ্মীরের মতো স্পর্শকাতর এলাকায় গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি।
ইসলামাবাদ ও লন্ডনে ভারতীয় দূতাবাসে কূটনৈতিক ভূমিকাও পালন করেছেন।
ভারতের সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা NSA তিনি।
ভারত-চিন সীমান্ত আলোচনায় ভারতের বিশেষ প্রতিনিধি ছিলেন। ডোকলাম সংকট সমাধানেও গুরুত্বপূর্ণ কূটনৈতিক ভূমিকা ছিল তার।
লোকমান্য তিলক পুরস্কার সম্পর্কে:
১৯৮৩ সালে এই পুরস্কার চালু হয়। প্রথম এই সম্মান পান সমাজবাদী নেতা এস.এম. যোশী।
স্বাধীনতা সংগ্রামী বাল গঙ্গাধর তিলকের প্রয়াণ দিবস ১ আগস্ট প্রতি বছর এই পুরস্কার দেওয়া হয়। দেশের উন্নতি ও অগ্রগতিতে উল্লেখযোগ্য অবদান রাখা ব্যক্তিদের এই সম্মান দেওয়া হয়।
আগে এই পুরস্কার পেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, মনমোহন সিং, ইন্দিরা গান্ধী, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি এবং বর্ষীয়ান রাজনীতিবিদ শরদ পাওয়ারের মতো ব্যক্তিত্ব।

এদিকে পুণেতে অন্নাভাউ সাথেকে শ্রদ্ধা শাহের:
একই দিনে পুণেতে মারাঠি কবি ও সমাজ সংস্কারক লোকশাহির অন্নাভাউ সাথের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানান অমিত শাহ।
সরসবাগ এলাকায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস, উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ও সুনেত্রা পাওয়ারের সঙ্গে তিনি সাথের মূর্তিতে মাল্যদান করেন।
১৯২০ সালের ১ আগস্ট জন্মগ্রহণ করা অন্নাভাউ সাথ ছিলেন কিংবদন্তি লোককবি, সমাজ সংস্কারক এবং মহারাষ্ট্রের দলিত সাহিত্যের পথিকৃৎ।












