বরাককণ্ঠ প্রতিবেদন: অনুপ্রবেশ ও অন্যান্য কারণে দেশজুড়ে জনবিন্যাসের চরিত্রে ‘অস্বাভাবিক পরিবর্তন’ খতিয়ে দেখতে উচ্চস্তরীয় কমিটি গঠন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সমাজমাধ্যমে এই ঘোষণা দিয়ে শাহ জানিয়েছেন, কমিটির চেয়ারম্যান করা হয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি প্রকাশ প্রভাকর নওলেকরকে।
কমিটিতে কারা?
কেন্দ্রের গঠিত কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন জনগণনা কমিশনার, প্রাক্তন আইএএস কর্মকর্তা দুর্গাশঙ্কর মিশ্র, প্রাক্তন আইপিএস কর্মকর্তা বালাজি শ্রীবাস্তব এবং অর্থনীতিবিদ শমিকা রবি। স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব (বিদেশি-১) কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
কী বললেন শাহ?
সমাজমাধ্যমে শাহ লিখেছেন, ‘জনবিন্যাসের পরিবর্তন দেশের বর্তমান ও ভবিষ্যৎ উভয়ের জন্যই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। এটি সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা, আইন-শৃঙ্খলা, সামাজিক কাঠামো এবং আদিবাসী সমাজের সংরক্ষণের মতো বিষয়গুলির সঙ্গে যুক্ত।’
তিনি আরও জানান, ‘এই কমিটি অবৈধ অভিবাসন এবং অন্যান্য অস্বাভাবিক কারণের ফলে সমগ্র ভারতে ঘটে চলা জনবিন্যাসের চরিত্র পরিবর্তনের বিস্তারিত মূল্যায়ন করবে। ধর্মীয় ও সামাজিক জনগোষ্ঠীর অস্বাভাবিক জনসংখ্যাগত পরিবর্তনের চরিত্র বিশ্লেষণ করবে। পাশাপাশি নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই সমস্যা সমাধানের সুপরিকল্পিত মতামতও পেশ করবে।’
পুরনো অভিযোগেই সিলমোহর
গত কয়েক বছর ধরেই সীমান্তবর্তী রাজ্যগুলিতে, বিশেষত বাংলাদেশ লাগোয়া পূর্ব ভারতের রাজ্যগুলিতে গিয়ে অনুপ্রবেশের ফলে জনবিন্যাসের চরিত্র বদলের অভিযোগ তুলেছেন শাহ। দাবি করেছেন, এর নেপথ্যে ‘নির্দিষ্ট ছক’ কাজ করছে।
গত বছর স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লালকেল্লার বক্তৃতাতেও এসেছিল অনুপ্রবেশ এবং জনবিন্যাস বদলের প্রসঙ্গ। সে সময় বিষয়টি পর্যালোচনার প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি। নতুন কমিটি গঠনের মাধ্যমে সেই অভিযোগেই কার্যত সিলমোহর দিল কেন্দ্র।












