,

রাহুল গাঁধীর নাগরিকত্ব ও সাংসদ পদ বাতিলের দাবিতে এলাহাবাদ হাইকোর্টে পিটিশন

নয়াদিল্লি: লোকসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস সাংসদ রাহুল গাঁধীর ভারতীয় নাগরিকত্ব এবং সাংসদ পদ বাতিলের দাবিতে এলাহাবাদ হাইকোর্টে পিটিশন জমা পড়ল। আইনজীবী অশোক পান্ডে এবং দন্ত চিকিৎসক রাজনেশ কুমার সিংহ এই আবেদন করেছেন। কী অভিযোগ? আবেদনকারীদের দাবি, রাহুল গাঁধী ব্রিটেনের নাগরিক। ২০০৩ সালের ২১ আগস্ট ব্রিটেনে M/S Backops Limited নামে একটি সংস্থা গড়ে ওঠে। ব্রিটেনের…

নয়াদিল্লি: লোকসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস সাংসদ রাহুল গাঁধীর ভারতীয় নাগরিকত্ব এবং সাংসদ পদ বাতিলের দাবিতে এলাহাবাদ হাইকোর্টে পিটিশন জমা পড়ল। আইনজীবী অশোক পান্ডে এবং দন্ত চিকিৎসক রাজনেশ কুমার সিংহ এই আবেদন করেছেন।

কী অভিযোগ?
আবেদনকারীদের দাবি, রাহুল গাঁধী ব্রিটেনের নাগরিক। ২০০৩ সালের ২১ আগস্ট ব্রিটেনে M/S Backops Limited নামে একটি সংস্থা গড়ে ওঠে। ব্রিটেনের সরকারি রেকর্ডে সেই সংস্থার ডিরেক্টর ও অন্যতম শেয়ার হোল্ডার হিসেবে রাহুলের নাম রয়েছে। লন্ডনের একটি ঠিকানাও দেওয়া হয় তখন।

আবেদনপত্রে বলা হয়েছে, ‘ওই সংস্থা সংক্রান্ত বিভিন্ন ওয়েবসাইটে পরিষ্কার বোঝা যাচ্ছে রাহুল গাঁধী ব্রিটেনের নাগরিক। ২০০৪ সালে অমেঠীর রিটার্নিং অফিসারের কাছে জমা দেওয়া হলফনামাতেও M/S Backops Limited-এর মালিকানার উল্লেখ করেছেন রাহুল।’

আইনি যুক্তি
আবেদনকারীদের মতে, রাহুল নিজেই নিজেকে ব্রিটেনের নাগরিক বলেছেন। ভারতীয় নাগরিকত্ব আইনের ৯ নং অনুচ্ছেদ অনুযায়ী, অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করলে আপনাআপনিই ভারতের নাগরিকত্ব বাতিল হয়ে যায়। তাই রাহুল ভারতের নাগরিক নন এবং সংসদের সদস্য হওয়ার যোগ্যতাও তাঁর নেই। এজন্য রায়বরেলীর সাংসদ পদও খারিজের দাবি তোলা হয়েছে।

শুনানি করবেন কারা?
এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চে মামলাটি উঠেছে। বিচারপতি শেখর সরাফ এবং বিচারপতি অবধেশ কুমার চৌধরি মামলার শুনানি করবেন।

আগেও উঠেছে একই অভিযোগ
১. ২০১৫ সাল: আইনজীবী অশোক পান্ডে প্রথমবার রাহুলের নাগরিকত্ব বাতিল চেয়ে আবেদন করেন। দাবি ছিল, ব্রিটেনে আয়কর জমা করার সময় রাহুল নিজেকে সেদেশের নাগরিক বলেছেন। হাইকোর্ট তখন আবেদন খারিজ করে জানায়, নাগরিকত্বের বিষয়টি কেন্দ্রীয় সরকারের এক্তিয়ারভুক্ত।
২. ২০১৯ সাল: রাজনেশ কুমার সিংহ একই দাবিতে আবেদন করেন। ওই বছরই বিজেপির প্রাক্তন সাংসদ সুব্রহ্মণ্যম স্বামীও রাহুল ব্রিটেনের নাগরিক বলে অভিযোগ দায়ের করেন। তখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রাহুলকে অবস্থান স্পষ্ট করতে বলেছিল।
৩. ২০২৪ সাল: কর্নাটকের বিজেপি কর্মী এ ভিগ্নেশ শিশির একই অভিযোগে আবেদন জানান।

এবার ফের এলাহাবাদ হাইকোর্টে নতুন করে পিটিশন দাখিল হল। রাহুল গাঁধী বা কংগ্রেসের পক্ষ থেকে এখনও এ নিয়ে কোনো প্রতিক্রিয়া আসেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *