বরাককণ্ঠ প্রতিবেদন,গুয়াহাটি : দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরেই মন্ত্রিসভার চার সদস্যের হাতে দফতর তুলে দিলেন ড.হিমন্তবিশ্ব শর্মা। বৃহস্পতিবার দফতর বণ্টন করেন তিনি। নতুন দায়িত্ব পেয়ে মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন চার মন্ত্রী। জনগণের উন্নয়নে কাজ করার অঙ্গীকারও করেছেন তাঁরা।মুখ্যমন্ত্রীর সঙ্গে শপথ নিয়েছিলেন অগপর অতুল বরা, বিপিএফের চরণ বড়ো, বিজেপির রামেশ্বর তেলি এবং অজন্তা নেওগ।
কে কোন দফতর পেলেন?
১. রামেশ্বর তেলি (বিজেপি): পুরোনো বিজেপি নেতা, প্রথমবার মন্ত্রিসভায় জায়গা পেলেন। মুখ্যমন্ত্রী তাঁর হাতে তুলে দিয়েছেন রূপান্তর ও উন্নয়ন বিভাগের দায়িত্ব। এর সঙ্গে শ্রমিক কল্যাণ এবং চা উপজাতি ও আদিবাসী উন্নয়ন দফতরও সামলাবেন তিনি।
২. অতুল বরা (অগপ): আগের সরকারে কৃষি বিভাগের দায়িত্বে ছিলেন। এবার কৃষি হাতছাড়া হলেও পেয়েছেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের ভার। এছাড়া পুরোনো অসম চুক্তি রূপায়ণ বিভাগ, সীমান্ত সুরক্ষা ও উন্নয়ন এবং আবগারি বিভাগের দায়িত্ব ফের তাঁর হাতে। মোট চারটি বিভাগ সামলাবেন অতুল।
৩. চরণ বড়ো (বিপিএফ): হাগ্রামা-ঘনিষ্ঠ এই নেতার হাতে গিয়েছে পরিবহণ বিভাগ। তরুণ গগৈর সরকারের সময় দীর্ঘদিন পরিবহণ বিভাগ বিপিএফ মন্ত্রীদের হাতে ছিল। বিপিএফ নেতৃত্বের বরাবরই এই দফতরে নজর ছিল। এর সঙ্গে বড়োল্যান্ড উন্নয়ন বিভাগের ভারও সামলাবেন চরণ বড়ো।
৪. অজন্তা নেওগ (বিজেপি): হিমন্ত সরকারের গত পাঁচ বছরে তিনি ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী। এবার অর্থ দফতর হাতছাড়া হলেও পেয়েছেন মহিলা ও শিশু কল্যাণ বিভাগের ভার। আগে এই বিভাগের নাম ছিল সমাজ কল্যাণ। তরুণ গগৈর আমলে দীর্ঘদিন সমাজ কল্যাণ বিভাগ সামলেছেন অজন্তা। এর সঙ্গে পর্যটন বিভাগের দায়িত্বও দিয়েছেন মুখ্যমন্ত্রী। ফলে দুটি গুরুত্বপূর্ণ বিভাগের ভার থাকছে তাঁর হাতে।












