বরাককণ্ঠ প্রতিবেদন: এই মাসের শেষের দিকে অসমের মাননীয় মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার প্রস্তাবিত বরাক উপত্যকা সফরকে সামনে রেখে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়।
অসম সচিবালয়, বরাক উপত্যকার সভাকক্ষে এই বৈঠকে সভাপতিত্ব করেন জনস্বাস্থ্য কারিগরি বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। মুখ্যমন্ত্রীর সফরের সমস্ত প্রস্তুতি ও ব্যবস্থাপনা পরীক্ষা এবং চূড়ান্ত করার উদ্দেশ্যেই এই বৈঠক ডাকা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের যুগ্ম সচিব পঙ্কজ কুমার ডেকা ও খালেদা আহমেদ, শিলচরের অতিরিক্ত উপায়ুক্ত ডেভিড বরা সহ জাতীয় সড়ক নির্মাণ সংস্থা, পূর্ত বিভাগ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিভাগের বেশ কয়েকজন জ্যেষ্ঠ আধিকারিক।
বৈঠকে অসম সচিবালয়, বরাক উপত্যকার নির্মাণ কাজের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ সড়ক সমস্যা এবং চলতি ও প্রস্তাবিত বিভিন্ন প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভা শেষে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মাননীয় মুখ্যমন্ত্রীর প্রস্তাবিত বরাক উপত্যকা সফর সফল করে তুলতে প্রতিটি বিভাগকে নিজ নিজ কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানান।












