বরাককণ্ঠ প্রতিবেদন। ধুবড়ি : অসমের ধুবড়ি জেলার চাপরে উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম বিদ্যুৎ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মা। আদানি পাওয়ার লিমিটেডের ৩২০০ মেগাওয়াটের অতি-গুরুত্বপূর্ণ তাপবিদ্যুৎ কেন্দ্রটি তৈরি হবে ৪৮ হাজার কোটি টাকা ব্যয়ে।
রবিবার এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, “অসম দ্রুত এই অঞ্চলের শক্তি কেন্দ্র হিসেবে উঠে আসছে। অ্যাডভান্টেজ অসম বিনিয়োগকারী সম্মেলন ২.০-এর ফলে যে আস্থা তৈরি হয়েছে, চাপরের ৩২০০ মেগাওয়াটের এই প্রকল্প তারই গর্বের ফল।”
তিনি আরও বলেন, “এটি অসমে হওয়া সবচেয়ে বড় একক বিনিয়োগগুলির মধ্যে একটি। এই প্রকল্প বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি করার পাশাপাশি রাজ্যের অর্থনৈতিক কর্মকাণ্ড এবং রাজ্য পণ্য ও পরিষেবা কর (এসজিএসটি) থেকে আয় বাড়াবে। স্থানীয় শিল্প ও উদ্যোগগুলিও এই নতুন পরিকাঠামোয় অংশগ্রহণের সুযোগ পাবে।”
অনুষ্ঠানে উপস্থিত আদানি গোষ্ঠীর ডিরেক্টর জীত আদানি জানান, চাপরের এই তাপবিদ্যুৎ কেন্দ্রটি অসমে তাদের ৬৩ হাজার কোটি টাকার বিদ্যুৎ বিনিয়োগের অংশ। ২০৩০ সালের ডিসেম্বর থেকে পর্যায়ক্রমে এই কেন্দ্রটি চালু হবে। এর পাশাপাশি ১৫ হাজার কোটি টাকা ব্যয়ে ২৭০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন দুটি পাম্পড স্টোরেজ প্রকল্পও তৈরি করা হবে।
জীত আদানি বলেন, “এই তাপবিদ্যুৎ কেন্দ্র বাড়ি, ব্যবসা এবং শিল্পের জন্য নির্ভরযোগ্য ও সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ করবে। এই প্রকল্প কর্মসংস্থান সৃষ্টি করবে এবং স্থানীয় ঠিকাদার, সরবরাহকারী ও ব্যবসার জন্য সুযোগ খুলে দেবে। আমরা অসমে বিনিয়োগ করতে পেরে এবং রাজ্যের অর্থনৈতিক বৃদ্ধির অংশ হতে পেরে গর্বিত।”
এই কেন্দ্রে ৮০০ মেগাওয়াটের চারটি ইউনিট থাকবে এবং এতে অতি-গুরুত্বপূর্ণ প্রযুক্তি, উচ্চ-দক্ষতা সম্পন্ন ব্যবস্থা এবং আধুনিক পরিবেশ সুরক্ষা ব্যবস্থা ব্যবহার করা হবে।
উল্লেখ্য, আদানি পাওয়ার লিমিটেড ২০২৫ সালের নভেম্বরে অসম বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেডের কাছ থেকে এই প্রকল্পের বরাত পায়। এর চার মাস আগে প্রায় ৩৫০০ বিঘা (১১৫৭ একর) জমি থেকে অবৈধ দখলদার উচ্ছেদের সময় হিংসার ঘটনা ঘটে। জানা গেছে, প্রায় ২৫০০ পরিবারের মধ্যে কয়েকটিকে ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল।
রাজ্য সরকার প্রথমে কোকরাঝাড় জেলার পরবতঝোড়া এলাকায় এই প্রকল্পটি করার কথা ভেবেছিল। কিন্তু তৎকালীন প্রমোদ বোরো নেতৃত্বাধীন বোডোল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিল (বিটিসি) সরকার জানিয়ে দেয় যে তারা কোনো প্রকল্পের জন্য ব্যক্তিগত বা উপজাতি জমি অধিগ্রহণ করবে না। এর পরেই চাপর এলাকাকে বেছে নেওয়া হয়।












