বরাককণ্ঠ প্রতিবেদন। দরং : অসমে ভয়াবহ বন্যার জেরে এবার পিছিয়ে যেতে পারে ২০২৭ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক চূড়ান্ত পরীক্ষা। রাজ্য জুড়ে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকা এবং পঠনপাঠন ব্যাহত হওয়ার কারণে এই সিদ্ধান্তের পথে হাঁটছে শিক্ষা বিভাগ।
রবিবার দরং জেলার দেওমরনাইয়ে এক সরকারি অনুষ্ঠানে এসে এই ইঙ্গিত দেন রাজ্যের শিক্ষামন্ত্রী ডাঃ রণোজ পেগু।
কি জানালেন শিক্ষামন্ত্রী?
দেওমরনাই উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিক্ষামন্ত্রী বলেন, “এবারের বন্যায় রাজ্যের বহু জেলার স্কুলের পঠনপাঠন প্রায় এক মাসেরও বেশি সময় ধরে বন্ধ ছিল। তার ওপর জনগণনা ও অন্যান্য সরকারি কাজে শিক্ষকদের নিয়োগ করায় সিলেবাস শেষ করতে দেরি হচ্ছে।”
তিনি আরও বলেন, “আমরা চাই না শিক্ষার্থীরা অসম্পূর্ণ প্রস্তুতি নিয়ে পরীক্ষায় বসুক। তাই তাদের স্বার্থের কথা ভেবেই আমরা নিয়মিত ক্লাসের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।”
নতুন সূচি কি?
অসম রাজ্য স্কুল শিক্ষা বোর্ড (ASSEB) ইতিমধ্যেই নতুন নির্দেশিকা জারি করেছে –
– দশম শ্রেণি (মাধ্যমিক): নিয়মিত ক্লাস চলবে আগামী ২২ ফেব্রুয়ারি, ২০২৭ পর্যন্ত।
– দ্বাদশ শ্রেণি (উচ্চমাধ্যমিক): নিয়মিত ক্লাস চলবে ৮ মার্চ, ২০২৭ পর্যন্ত।
এই ক্লাস শেষ হওয়ার পরেই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক চূড়ান্ত পরীক্ষার চূড়ান্ত সময়সূচি ঘোষণা করা হবে। সাধারণত ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি পরীক্ষা শুরু হলেও এবার তা মার্চের শেষ দিকে বা এপ্রিলের শুরুতে যেতে পারে বলে শিক্ষা বিভাগ সূত্রে খবর।
পরিদর্শনে মন্ত্রী:
এদিন দেওমরনাই সফরে শিক্ষামন্ত্রী শুধু উচ্চমাধ্যমিক বিদ্যালয়ই নয়, দেওমরনাই কলেজ, দেওমরনাই গ্র্যাজুয়েট কলেজ, দেওমরনাই বালিকা উচ্চমাধ্যমিক বিদ্যালয় এবং দেওমরনাই বি.এড কলেজের পরিকাঠামোও ঘুরে দেখেন এবং শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে কথা বলেন।












