বরাককণ্ঠ প্রতিবেদন। শিলচর : শিলচর পুর নিগম নির্বাচন ২০২৬ শান্তিপূর্ণ, অবাধ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে শিলচর পুর এলাকায় ২, ৩ ও ৬ অক্টোবর ‘ড্রাই ডে’ ঘোষণা করেছে অসম সরকার।
আবগারি বিভাগের ১১ সেপ্টেম্বরের নির্দেশ অনুযায়ী জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫১-এর ১৩৫(গ) ধারা এবং অসম আবগারি বিধি, ২০১৬-এর ৩২৬(ক) বিধির অধীনে এই নির্দেশ জারি করা হয়েছে।
নির্দেশ অনুযায়ী, ২ অক্টোবর ভোটের আগের দিন এবং ৩ অক্টোবর ভোটগ্রহণের দিন শিলচর পুর নিগম এলাকার কোনও হোটেল, রেস্তোরাঁ, বার, দোকান বা সরকারি-বেসরকারি স্থানে মদ বিক্রি, পরিবেশন, বিতরণ ও সেবন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
একইভাবে ৬ অক্টোবর ভোটগণনার দিন গণনা শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। কোথাও পুনরায় ভোটগ্রহণ হলে সেদিনও ড্রাই ডে কার্যকর হবে।
এই সময়ে সমস্ত পাইকারি মদের গুদাম, বিদেশি মদের খুচরো বিক্রি কেন্দ্র, ‘অন’ ও ‘অফ’ লাইসেন্সযুক্ত মদের দোকান, ক্লাব, হোটেল এবং দেশি মদের দোকান বন্ধ থাকবে। ব্যক্তিগতভাবে মদ মজুত রাখার ক্ষেত্রেও কঠোর নিয়ন্ত্রণ থাকবে এবং লাইসেন্স ছাড়া মজুত করলে আবগারি আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
নির্দেশ অমান্য করলে অসম আবগারি আইন ও জনপ্রতিনিধিত্ব আইনের অধীনে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।












