,

গুয়াহাটি ইন্টারন্যাশনাল ম্যারাথনের সূচনা করলেন হিমন্ত বিশ্ব শর্মা ও সুনীল গাভাস্কর, প্রথম আসরেই দৌড়াবেন ১২ হাজার দৌড়বিদ

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর: বিশ্ব দৌড়ের মানচিত্রে জায়গা করে নিতে চলেছে গুয়াহাটি। বুধবার অসমের মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মা এবং ক্রিকেট কিংবদন্তি সুনীল গাভাস্কর যৌথভাবে সূচনা করলেন গুয়াহাটি ইন্টারন্যাশনাল ম্যারাথন-এর। উত্তর-পূর্বের বৃহত্তম শহরে এটাই প্রথম আন্তর্জাতিক ম্যারাথন। প্রথম আসরটি অনুষ্ঠিত হবে আগামী ৭ ফেব্রুয়ারি, ২০২৭। আয়োজক সংস্থা PMG Sports LLP জানিয়েছে, প্রথমবারেই প্রায় ১২,০০০ প্রতিযোগী অংশ নেবেন বলে…

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর: বিশ্ব দৌড়ের মানচিত্রে জায়গা করে নিতে চলেছে গুয়াহাটি। বুধবার অসমের মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মা এবং ক্রিকেট কিংবদন্তি সুনীল গাভাস্কর যৌথভাবে সূচনা করলেন গুয়াহাটি ইন্টারন্যাশনাল ম্যারাথন-এর। উত্তর-পূর্বের বৃহত্তম শহরে এটাই প্রথম আন্তর্জাতিক ম্যারাথন।

প্রথম আসরটি অনুষ্ঠিত হবে আগামী ৭ ফেব্রুয়ারি, ২০২৭। আয়োজক সংস্থা PMG Sports LLP জানিয়েছে, প্রথমবারেই প্রায় ১২,০০০ প্রতিযোগী অংশ নেবেন বলে আশা করা হচ্ছে, যার মধ্যে থাকবেন দেশ-বিদেশের শীর্ষস্থানীয় অ্যাথলিটরা। ম্যারাথনে মোট পুরস্কার মূল্য থাকছে ১ কোটি ২৫ লক্ষ টাকা।

ম্যারাথনে থাকছে পাঁচটি বিভাগ:
– ফুল ম্যারাথন – ৪২.১৯৫ কিমি
– হাফ ম্যারাথন – ২১.০৯৭ কিমি
– ১০ কিমি দৌড়
– ৫ কিমি দৌড়
– ১.৫ কিমি কমিউনিটি রান

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, “এটা শুধু একটা ম্যারাথন নয় – এটা গুয়াহাটির ক্রীড়া, ফিটনেস এবং স্পোর্টস ট্যুরিজমের অন্যতম গন্তব্য হিসেবে উঠে আসার এক শক্তিশালী বার্তা। এটি একটি ঐতিহাসিক উদ্যোগ, যা জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া মঞ্চে আমাদের রাজ্যের ক্রমবর্ধমান আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে।”

BCCI-র সাম্মানিক সচিব দেবজিৎ শইকিয়া জানান, তিন মাস আগে তাঁর সঙ্গে এক বৈঠকে গাভাস্করই প্রথম গুয়াহাটিতে একটি বড় রানিং ইভেন্ট আয়োজনের সম্ভাবনার কথা বলেন। “জুন মাসেই মুখ্যমন্ত্রী এতে সবুজ সংকেত দেন,” বলেন শইকিয়া।

প্রতীকী অঙ্গ হিসেবে সুনীল গাভাস্কর মুখ্যমন্ত্রীর হাতে ১ নম্বর বিব (Bib No. 1) তুলে দেন, যা এই ইভেন্টের প্রতি তাঁর ব্যক্তিগত সমর্থনের ইঙ্গিত।

গাভাস্কর বলেন, “দৌড়ের মধ্যে এক অনন্য শক্তি আছে যা সম্প্রদায়, সংস্কৃতি এবং জীবনের প্রতিটি স্তরের মানুষকে একত্রিত করে।” ক্রিকেটের সূত্রে বহু বছর ধরে গুয়াহাটিতে আসার অভিজ্ঞতা থেকে শহরের যে রূপান্তর ঘটেছে, তারও প্রশংসা করেন তিনি।

আয়োজকদের তরফে জানানো হয়েছে, অস্ট্রেলিয়া-ভিত্তিক কিম ভিভিয়ান ম্যারাথনের রুট পরিমাপ করেছেন। এই রুট এমনভাবে তৈরি করা হয়েছে যাতে দীর্ঘ দূরত্বের দৌড়ের চ্যালেঞ্জের সঙ্গে গুয়াহাটির দৃশ্যগত ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য মিশে থাকে।

প্রথমবারের এই ম্যারাথনের স্টেট স্পনসর হিসেবে থাকছে অসম পর্যটন উন্নয়ন নিগম (ATDC), এবং সহযোগী স্পনসর হিসেবে থাকছে উত্তর-পূর্বের একটি সিমেন্ট কোম্পানি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *