,

দুর্গাপূজার আগেই শিলচর পুর নিগমের নির্বাচন, চালু হল একাধিক আধুনিক নাগরিক পরিষেবা

মুন্না আচার্য। শিলচর: দুর্গাপূজার আগেই শিলচর পুর নিগমের নির্বাচন আয়োজন করার পরিকল্পনা করছে রাজ্য সরকার। বুধবার শিলচর পুর নিগম কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই কথা জানান রাজ্যের মন্ত্রী কৌশিক রায়। এদিন পুর নিগমের পক্ষ থেকে একাধিক আধুনিক ও প্রযুক্তিনির্ভর নাগরিক পরিষেবারও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এদিন যে সমস্ত নতুন পরিষেবা চালু করা হল তার মধ্যে…

মুন্না আচার্য। শিলচর: দুর্গাপূজার আগেই শিলচর পুর নিগমের নির্বাচন আয়োজন করার পরিকল্পনা করছে রাজ্য সরকার। বুধবার শিলচর পুর নিগম কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই কথা জানান রাজ্যের মন্ত্রী কৌশিক রায়।

এদিন পুর নিগমের পক্ষ থেকে একাধিক আধুনিক ও প্রযুক্তিনির্ভর নাগরিক পরিষেবারও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এদিন যে সমস্ত নতুন পরিষেবা চালু করা হল তার মধ্যে রয়েছে জনসাধারণের সুবিধা কেন্দ্র, পুর সুবিধা কেন্দ্র, উপগ্রহ-ভিত্তিক নজরদারি ব্যবস্থা এবং সাংকেতিক চিহ্ন-ভিত্তিক বর্জ্য সংগ্রহ পরিষেবা। নতুন এই পরিষেবাগুলির মাধ্যমে শহরের নাগরিক পরিষেবাকে আরও আধুনিক, স্বচ্ছ ও গতিশীল করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কৌশিক রায় বলেন, শিলচর পুর নিগমের অধীনে থাকা ৪২টি ওয়ার্ডের বাসিন্দাদের যাতে দ্রুত এবং সহজে বিভিন্ন নাগরিক পরিষেবা দেওয়া যায়, সেই লক্ষ্যেই প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে।

বিশেষ করে বর্জ্য সংগ্রহ ব্যবস্থায় সাংকেতিক চিহ্ন-ভিত্তিক পরিষেবা চালু হওয়ায় বড় পরিবর্তন আসবে। এই ব্যবস্থার মাধ্যমে কোন বাড়ি থেকে, কখন বর্জ্য সংগ্রহ করা হল, গাড়িটি কোন রাস্তা দিয়ে গেল – সমস্ত তথ্যই নথিভুক্ত থাকবে। ফলে কোথাও কোনও গাফিলতি হলে তা সহজেই ধরা পড়বে এবং নাগরিকরা আরও নিয়মিত পরিষেবা পাবেন।

পাশাপাশি শহরের বিভিন্ন এলাকায় পরিষেবার মান উন্নত করতে এবং পুরকর্মীদের কাজে স্বচ্ছতা আনতে উপগ্রহ-ভিত্তিক নজরদারি ব্যবস্থাও চালু করা হয়েছে। এর ফলে পুর নিগমের আবর্জনা সংগ্রহকারী গাড়ি সহ অন্যান্য পরিষেবা প্রদানকারী যানবাহনের ওপর সরাসরি নজরদারি করা সম্ভব হবে।

মন্ত্রী আরও জানান, শহরের পরিকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রেও সরকার আন্তরিক। শহরের প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে নতুন আলো বসানোর কাজ করা হবে। একইসঙ্গে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার যে সমস্ত অসমাপ্ত কাজ পড়ে রয়েছে, তা দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ কনাদ পুরকায়স্থ, সুস্মিতা দেব, কাছাড় জেলা পরিষদের সভাপতি কঙ্কন নারায়ণ শিকদার, বিজেপির কাছাড় জেলা সভাপতি রূপম সাহা, উদারবন্দের বিধায়ক রাজদীপ গোয়ালা, কাছাড়ের জেলাশাসক রাহুল কুমার গুপ্তা, পুর নিগমের কমিশনার অঙ্কুর দাস সহ পুর নিগমের বিভিন্ন আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *