৩ অক্টোবর ভোটগ্রহণ, ৬ অক্টোবর গণনা
বরাককণ্ঠ প্রতিবেদন। শিলচর : অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। দুর্গাপূজার আগেই অনুষ্ঠিত হতে চলেছে শিলচর পুর নিগমের নির্বাচন। রাজ্য নির্বাচন কমিশনের তরফে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। ঘোষণা অনুযায়ী, আগামী ৩ অক্টোবর ভোটগ্রহণ হবে শিলচরের ৪২টি ওয়ার্ডে।
১৮৮২ সালে স্থাপিত ঐতিহ্যবাহী শিলচর পৌর নিগমের এই নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই শহরজুড়ে রাজনৈতিক তৎপরতা শুরু হয়েছে।
নির্বাচন কমিশনের প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ১১ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ধার্য করা হয়েছে। এরপর ১৪ সেপ্টেম্বর মনোনয়নপত্রগুলি যাচাই করা হবে এবং বৈধভাবে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ সেপ্টেম্বর। ওইদিনই চূড়ান্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।
ভোটগ্রহণ হবে ৩ অক্টোবর, সকাল সাড়ে ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। কোনও কেন্দ্রে গোলযোগ হলে ৫ অক্টোবর একই সময়ে পুনঃভোটের ব্যবস্থা রাখা হয়েছে। ভোট গণনা হবে ৬ অক্টোবর সকাল ৮টা থেকে। গণনা শেষ না হওয়া পর্যন্ত তা চলবে।
পুর নিগম সূত্রে জানানো হয়েছে, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সমস্ত প্রস্তুতি শুরু হয়েছে। ভোটারদের উদ্দেশে আহ্বান জানানো হয়েছে, “আপনার ভোট, আপনার অধিকার। গণতন্ত্রকে শক্তিশালী করুন, ভোট দিন।”












