বরাককণ্ঠ প্রতিবেদন। শিলচর : শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের (SMCH) নেতৃত্বে বদল। অধ্যক্ষ-কাম-চিফ সুপারিনটেনডেন্ট (ইনচার্জ) পদ থেকে ডা. ভাস্কর গুপ্তকে অব্যাহতি দিয়ে নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ করা হল হাসপাতালের মেডিসিন বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ডা. অভিজিৎ স্বামীকে। অসম সরকারের মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ দপ্তরের কমিশনার ও সচিব ডা. সিদ্ধার্থ সিং স্বাক্ষরিত এক সরকারি বিজ্ঞপ্তিতে বুধবার এই নির্দেশ জারি করা হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ডা. ভাস্কর গুপ্ত এতদিন ইনচার্জ হিসেবে অধ্যক্ষের দায়িত্ব সামলাচ্ছিলেন। তাঁকে অব্যাহতি দিয়ে পূর্ণ দায়িত্বে আনা হল ডা. অভিজিৎ স্বামীকে। সরকারি নির্দেশ আসার পর বুধবার বিকেলেই শিলচর মেডিকেল কলেজের প্রশাসনিক ভবনে আনুষ্ঠানিক দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়। বিদায়ী অধ্যক্ষ ডা. ভাস্কর গুপ্ত নতুন অধ্যক্ষ ডা. অভিজিৎ স্বামীর হাতে দায়িত্বভার তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের অধ্যাপক, চিকিৎসক, আবাসিক চিকিৎসক, নার্সিং সুপার, প্রশাসনিক আধিকারিক এবং কর্মচারীরা। দীর্ঘদিন মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ডা. অভিজিৎ স্বামী চিকিৎসক মহলে দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক হিসেবে পরিচিত। তাঁর নেতৃত্বে শিলচর মেডিকেলে চিকিৎসা পরিষেবা ও শিক্ষার মান আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেছেন সহকর্মীরা।












