,

বিধানসভা গ্রন্থাগারের ১৯টি বই ফেরত না দিলে মমতার বিরুদ্ধে ব্যবস্থা, হুঁশিয়ারি মন্ত্রী গৌরীশংকর ঘোষের

বরাককণ্ঠ প্রতিবেদন। কলকাতা : বিধানসভা গ্রন্থাগারের ১৯টি বই ফেরত না দেওয়ায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন রাজ্যের গ্রন্থাগার বিষয়ক মন্ত্রী গৌরীশংকর ঘোষ। ওই ১৯টি বইয়ের মধ্যে রয়েছে রবীন্দ্র রচনাবলীর ১৮টি খণ্ড এবং সঞ্চয়িতা। মঙ্গলবার সিউড়িতে বিবেকানন্দ গ্রন্থাগারের ১২৭তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে যোগ দেন মন্ত্রী। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, সময়…

বরাককণ্ঠ প্রতিবেদন। কলকাতা : বিধানসভা গ্রন্থাগারের ১৯টি বই ফেরত না দেওয়ায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন রাজ্যের গ্রন্থাগার বিষয়ক মন্ত্রী গৌরীশংকর ঘোষ। ওই ১৯টি বইয়ের মধ্যে রয়েছে রবীন্দ্র রচনাবলীর ১৮টি খণ্ড এবং সঞ্চয়িতা।

মঙ্গলবার সিউড়িতে বিবেকানন্দ গ্রন্থাগারের ১২৭তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে যোগ দেন মন্ত্রী। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, সময় পেরিয়ে গেলেও এখনও বইগুলি ফেরত আসেনি।

মন্ত্রীর বক্তব্য, সাধারণ পাঠক নির্ধারিত সময়ে বই ফেরত না দিলে যে নিয়ম প্রযোজ্য হয়, এক্ষেত্রেও একই নিয়ম কার্যকর হবে। বিশিষ্ট ব্যক্তি হওয়ার কারণে আলাদা কোনও নিয়ম হবে না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আইনের শাসন এবং সকলের জন্য সমান আইনের কথা বলেছেন, বই ফেরতের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না।

এদিন তিনি আরও অভিযোগ করেন, আগের সরকারের আমলে বিভিন্ন গ্রন্থাগারকে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বই কেনার জন্য সরকারি নির্দেশ দেওয়া হয়েছিল, যা দলীয় স্বার্থে করা হয়েছিল। তিনি বলেন, ওই সব বইয়ের কোনও মূল্য নেই। দায়িত্ব নেওয়ার প্রথম দিনই তিনি গ্রন্থাগার থেকে ওই ধরনের বই সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন বলে জানান।

ভবিষ্যতে গ্রন্থাগারগুলিতে স্বামী বিবেকানন্দ, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সহ রাষ্ট্রবাদী ও জাতীয়তাবাদী ব্যক্তিত্বদের লেখা এবং দেশ, ইতিহাস ও জাতীয়তাবাদ সম্পর্কিত বই রাখার ওপর জোর দেওয়া হবে বলেও জানান তিনি।

এদিকে বিধানসভা গ্রন্থাগারের কর্মীরা যোগাযোগ করলে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বইগুলি তাঁর কাছে বা বাড়িতে নেই, বিধানসভায় মুখ্যমন্ত্রীর জন্য নির্দিষ্ট চেম্বারে রয়েছে, যা বর্তমানে শুভেন্দু অধিকারীর দপ্তরের অধীনে। তবে গ্রন্থাগারের নিয়ম অনুযায়ী, বই গ্রন্থাগারে ফিরে না আসা পর্যন্ত তা ফেরত হিসাবে গণ্য হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *