বরাককণ্ঠ প্রতিবেদন। শ্রীভূমি: তীব্র গরম ও জাতীয় জনগণনা ২০২৭-এর ঘরে ঘরে সমীক্ষার কারণে বিদ্যালয়ের সময়সূচি পরিবর্তন হওয়ায় সকালে পানীয় জল তুলতে চরম অসুবিধা হচ্ছে। এই সমস্যার সমাধানে জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগের পানীয় জল রাত ৭টার সময় সরবরাহের দাবি জানিয়েছেন ‘বৃহত্তর দুর্লভছড়া প্রগতিশীল নাগরিক মঞ্চ তথা জিডিপিসিএফ’-র সভাপতি অংশুমান পাল।
অংশুমান পাল এক প্রেস বার্তায় জানান, আজ থেকে শ্রীভূমি জেলায় প্রচন্ড গরমের জন্য সকাল ৭টা ৩০ মিনিটে বিদ্যালয়ের কার্যপ্রণালী শুরু হয়েছে। একই সঙ্গে আজ থেকে জাতীয় সেন্সাস ২০২৭-এর ঘরে ঘরে সমীক্ষার কাজও শুরু হয়েছে। ফলে শিক্ষকরা সকাল থেকেই বাড়ি থেকে বেরিয়ে যাবেন। বিশেষ করে যে পরিবারে স্বামী-স্ত্রী দুজনেই শিক্ষক, সেই সব পরিবারে সকালে জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগের দেওয়া পানীয় জল তোলার মতো কেউ থাকবেন না।
এই সমস্যার কথা জানিয়ে অংশুমান পাল রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগের মন্ত্রী মাননীয় কৃষ্ণেন্দু পাল মহোদয় এবং করিমগঞ্জের সম্মানিত জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী আইএস-এর সঙ্গে যোগাযোগ করেন। তিনি আগামীকাল থেকে রাত ৭টার সময় বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করার আবেদন জানান। উভয়েই অংশুমান পাল-কে বিহীত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন। এই সহযোগিতার জন্য মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ও জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন জিডিপিসিএফ-র সভাপতি অংশুমান পাল।












