বরাককণ্ঠ প্রতিবেদন। শিলচর: আসন্ন জনগণনায় মাতৃভাষার ঘরে অসত্য তথ্য লেখার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার প্রকাশ্য আহ্বানে গভীর উদ্বেগ ও হতাশা প্রকাশ করেছে বরাক উপত্যকা মাতৃভাষা সুরক্ষা সমিতি, কাছাড়। ১৭ আগষ্ট ‘২৬ এক প্রেস বিজ্ঞপ্তিতে সমিতির সভাপতি সুনীল রায় বলেন, সাংবিধানিক অত্যন্ত দায়িত্বপূর্ণ পদে থেকে এই ধরনের আহ্বান কোনোভাবেই কাম্য নয়।
তিনি দল-মত নির্বিশেষে রাজ্যের সকল সংগঠনের প্রতি আহ্বান জানান, বিষয়টি জনগণনা কর্তৃপক্ষ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র বিভাগের দৃষ্টি আকর্ষণ করে স্মারকপত্র প্রদানের জন্য। যাতে রাজ্যের সব ভাষাভাষী মানুষ নির্ভয়ে ও নির্বিঘ্নে মাতৃভাষা সহ সব তথ্য সঠিকভাবে লিপিবদ্ধ করতে পারেন। সুনীল রায় রাজ্যের সকল ভাষাভাষী মানুষের কাছে বিনম্র আবেদন জানিয়ে বলেন, রাষ্ট্রের স্বার্থে ও সঠিক পরিসংখ্যানের জন্য দয়া করে মাতৃভাষা সহ সব তথ্য সত্য ও সঠিকভাবে লিখুন।
একই সঙ্গে তিনি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও আবেদন জানান, অনুগ্রহ করে সকলকে স্বাধীনভাবে ও নির্ভয়ে জনগণনায় প্রকৃত সত্য লিখতে উৎসাহিত করুন এবং সত্য ও বাস্তবের মুখোমুখি দাঁড়ান। তিনি আরও বলেন, রাজ্যের ভাষিক সংখ্যালঘুদের মনে রাখা উচিত, এনআরসির বহু বছর আগ থেকেই বিভিন্ন সময়ে তাদের বিদেশী তকমা দিয়ে হেনস্থা করা হয়েছে। আজও এনআরসিতে নাম থাকা বা না থাকা লক্ষ মানুষ নানা ভাবে বঞ্চনা ও হেনস্থার শিকার। তাই জাতি-ধর্ম-ভাষা নির্বিশেষে সকলকে জনগণনায় সঠিক তথ্যই লিপিবদ্ধ করার আহ্বান জানান বরাক উপত্যকা মাতৃভাষা সুরক্ষা সমিতির সভাপতি সুনীল রায়।












