,

স্ব-গণনায় এগিয়ে আসার আহ্বান শিলচরবাসীর প্রতি

‘সঠিক তথ্যই গড়বে আগামী দিনের পরিকল্পিত শহর’— বার্তা নবনিযুক্ত পৌর নিগম আয়ুক্ত-এর জনসংযোগ। শিলচর : আসন্ন জনগণনার অন্যতম গুরুত্বপূর্ণ পর্ব স্ব-গণনা (Self Enumeration) কর্মসূচিতে শিলচর পৌরনিগম এলাকার প্রতিটি নাগরিককে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে শিলচর পৌরনিগম। পৌর কর্তৃপক্ষের মতে, প্রতিটি পরিবারের নির্ভুল ও সময়মতো অনলাইনে তথ্য জমা দেওয়াই আগামী দিনের পরিকল্পিত নগর উন্নয়ন, আধুনিক নাগরিক পরিকাঠামো…

‘সঠিক তথ্যই গড়বে আগামী দিনের পরিকল্পিত শহর’— বার্তা নবনিযুক্ত পৌর নিগম আয়ুক্ত-এর

জনসংযোগ। শিলচর : আসন্ন জনগণনার অন্যতম গুরুত্বপূর্ণ পর্ব স্ব-গণনা (Self Enumeration) কর্মসূচিতে শিলচর পৌরনিগম এলাকার প্রতিটি নাগরিককে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে শিলচর পৌরনিগম। পৌর কর্তৃপক্ষের মতে, প্রতিটি পরিবারের নির্ভুল ও সময়মতো অনলাইনে তথ্য জমা দেওয়াই আগামী দিনের পরিকল্পিত নগর উন্নয়ন, আধুনিক নাগরিক পরিকাঠামো নির্মাণ এবং আরও উন্নত জনপরিষেবা নিশ্চিত করার অন্যতম প্রধান ভিত্তি হয়ে উঠবে।

জনসাধারণের উদ্দেশে জারি করা এক বিশেষ বার্তায় শিলচর পৌরনিগমের আয়ুক্ত তথা পৌর নিগমের প্রধান জনগণনা আধিকারিক অঙ্কুর দাস, আইএএস, পৌর এলাকার বিশিষ্ট নাগরিক, সংবাদমাধ্যমের প্রতিনিধিবৃন্দ, পৌরনিগমের কর্মকর্তা-কর্মচারী এবং সমগ্র শিলচরবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, স্ব-গণনা এমন একটি গুরুত্বপূর্ণ নাগরিক-কেন্দ্রিক উদ্যোগ, যার মাধ্যমে প্রত্যেক পরিবার নিজেদের সুবিধাজনক সময়ে অনলাইনে পরিবারের সদস্যদের তথ্য নিবন্ধন করতে পারবেন। এর ফলে জনগণনার কাজ আরও দ্রুত, নির্ভুল, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর হয়ে উঠবে।

পৌর নিগম আয়ুক্ত জানান, এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে নাগরিকরা সরাসরি নিজেদের তথ্য জমা দিতে পারবেন। এতে তথ্য সংগ্রহের ক্ষেত্রে ভুলের সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে কমবে এবং শহরের প্রকৃত জনসংখ্যাগত চিত্র আরও নির্ভুলভাবে প্রতিফলিত হবে। একই সঙ্গে নির্ধারিত সময়সীমার মধ্যে নিজের সুবিধাজনক স্থান থেকেই এই প্রক্রিয়া সম্পন্ন করার সুযোগ থাকায় সাধারণ মানুষের জন্য জনগণনার কাজ আরও সহজ ও সুবিধাজনক হবে।

প্রতিটি পরিবারকে স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আয়ুক্ত অঙ্কুর দাস বলেন, সম্পূর্ণ ও সঠিক তথ্য প্রদান করা শুধু নাগরিক দায়িত্ব নয়, বরং শহরের দীর্ঘমেয়াদি উন্নয়নের ক্ষেত্রেও এক অমূল্য অবদান। তাঁর বক্তব্য, নির্ভরযোগ্য জনগণনার তথ্যের ভিত্তিতেই রাস্তা, পানীয় জল সরবরাহ, স্যানিটেশন, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা এবং অন্যান্য অত্যাবশ্যক জনপরিষেবার পরিকল্পনা গ্রহণ করা হয়। প্রকৃত প্রয়োজন অনুযায়ী উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণের জন্য নির্ভুল জনগণনার তথ্যের কোনও বিকল্প নেই।

ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারে যাঁদের অসুবিধা হতে পারে, তাঁদের পরিবারের সদস্য, প্রতিবেশী, স্বেচ্ছাসেবক অথবা সরকার অনুমোদিত কর্মীদের সহায়তা নেওয়ার পরামর্শ দেন নবনিযুক্ত পৌর নিগম আয়ুক্ত । তিনি জানান, স্ব-গণনা প্রক্রিয়ায় যাতে কোনও যোগ্য নাগরিক বাদ না পড়েন, তা নিশ্চিত করতে শিলচর পৌরনিগম সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে।

তিনি আরও আবেদন জানান, প্রত্যেক নাগরিক যেন নির্ধারিত সময়সীমার মধ্যেই স্ব-গণনার কাজ সম্পন্ন করেন, শুধুমাত্র সঠিক ও যাচাইকৃত তথ্য প্রদান করেন, কোনও গুজবে কান না দেন বা গুজব ছড়ানো থেকে বিরত থাকেন এবং প্রয়োজনে নির্ধারিত সরকারি সহায়তা কেন্দ্র অথবা অনুমোদিত সরকারি আধিকারিকদের কাছ থেকে প্রয়োজনীয় সহায়তা গ্রহণ করেন।

জনঅংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে নাম নিগম আয়ুক্ত , অঙ্কুর দাস বলেন, একটি পূর্ণাঙ্গ, নির্ভুল ও নির্ভরযোগ্য তথ্যভাণ্ডারই একটি পরিকল্পিত, পরিচ্ছন্ন, আধুনিক এবং আরও নাগরিকবান্ধব শিলচর গড়ে তোলার প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, শিলচরবাসীর আন্তরিক সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণে স্ব-গণনা কর্মসূচি সফলভাবে সম্পন্ন হবে এবং আগামী দিনে আরও উন্নত নগর পরিকল্পনা, দক্ষ নাগরিক পরিষেবা ও দীর্ঘস্থায়ী নগর উন্নয়নের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *