জনসংযোগ। শিলচর : শিলচর পুর নিগম তার আওতাধীন এলাকার সমস্ত গৃহস্থালি, বাণিজ্যিক প্রতিষ্ঠান, ঠিকাদার এবং নির্মাণ সংস্থাগুলিকে নির্মাণ ও ধ্বংসাবশেষ বর্জ্য ব্যবস্থাপনা বিধি, ২০১৬-এর বিধানগুলি কঠোরভাবে মেনে চলার জন্য একটি জনসাধারণের উদ্দেশ্যে নির্দেশিকা জারি করেছে।
পুর নিগম জানিয়েছে যে, জনসাধারণের ব্যবহারের রাস্তা, ফুটপাত, নালা বা খোলা জায়গায় বালি, ইট, কংক্রিট, ধ্বংসাবশেষ অথবা অন্য কোনও নির্মাণ ও ধ্বংসাবশেষ (C&D) বর্জ্য ফেলা বা মজুত করা সম্পূর্ণ নিষিদ্ধ। এই ধরনের কার্যকলাপ জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি করে, পরিবেশগত বিপদ ডেকে আনে এবং নাগরিক পরিষ্কার-পরিচ্ছন্নতার উপর বিরূপ প্রভাব ফেলে।
পুর নিগম আরও সতর্ক করে জানিয়েছে যে, কোনও ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান যদি অবৈধভাবে নির্মাণ ও ধ্বংসাবশেষ বর্জ্য ফেলে বা মজুত করে বিধি লঙ্ঘন করে, তাহলে তাদের বিরুদ্ধে অবিলম্বে ওই সামগ্রী বাজেয়াপ্ত করা, জরিমানা বা আর্থিক দণ্ড আরোপ এবং অসম মিউনিসিপ্যাল কর্পোরেশন আইন, ২০২২-এর ২৫৪ ধারার অধীনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নাগরিক এবং নির্মাণ সংস্থাগুলিকে অনুরোধ জানানো হয়েছে যে, শিলচর পুর নিগমের কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সঙ্গে সমন্বয় রেখে শুধুমাত্র অনুমোদিত এবং পরিবেশবান্ধব পদ্ধতিতে নির্মাণ ও ধ্বংসাবশেষ বর্জ্য নিষ্পত্তি করতে হবে।
শিলচর পুর নিগম সমস্ত নাগরিকদের কাছে আবেদন জানিয়েছে যে, জনসাধারণের পরিচ্ছন্নতা বজায় রাখা, পরিবেশ রক্ষা করা এবং নাগরিক শৃঙ্খলা নিশ্চিত করার ক্ষেত্রে সকলে যেন আন্তরিক সহযোগিতা করেন। আসুন, সকলে মিলে একটি স্বচ্ছ সুন্দর শিলচর গড়ে তুলতে অবদান রাখি।
নির্মাণ ও ধ্বংসাবশেষ বর্জ্য সংগ্রহ এবং নিষ্পত্তি সংক্রান্ত তথ্যের জন্য নাগরিকরা ৯৬১৩১২০০৩৪ এই ননম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।












