থানায় মামলা জিডিপিসিএফ সভাপতি অংশুমান পালের, ১৯৩০-এ অভিযোগ
নিজস্ব প্রতিবেদন। দুর্লভছড়া : হোয়াটসঅ্যাপ হ্যাক করে পঞ্চায়েত সভাপতির নামে টাকা চাওয়ার অভিযোগ উঠল। প্রতারণার শিকার হয়ে রাতাবাড়ি থানায় মামলা দায়ের করলেন ‘বৃহত্তর দুর্লভছড়া প্রগতিশীল নাগরিক মঞ্চ তথা জিডিপিসিএফ’-এর সভাপতি অংশুমান পাল।
অংশুমান পাল জানান, গত ১৯ জুলাই রবিবার লালছড়া গাঁও পঞ্চায়েতের সভাপতি সঞ্জয় কুমার গোস্বামীর নম্বর থেকে তাঁর মোবাইলে একটি হোয়াটসঅ্যাপ মেসেজ আসে। তাতে বলা হয়, সঞ্জয় বাবুর ইউপিআই ব্লক হয়ে গেছে এবং জরুরি ভিত্তিতে কিছু টাকা প্রয়োজন। মেসেজের সঙ্গে ‘উমেশ কুমার দাস’ নামে একটি ইউপিআই স্ক্যানারও পাঠানো হয়। বিশ্বাস করে অংশুমান পাল সঙ্গে টাকা পাঠিয়ে দেন।
এর কিছুক্ষণ পরেই অংশুমান পাল সামাজিক মাধ্যমে দেখতে পান, সঞ্জয় কুমার গোস্বামী নিজেই একটি সতর্কবার্তা জারি করেছেন। তাতে তিনি জানিয়েছেন তাঁর নম্বর হ্যাক হয়েছে এবং একটি চক্র তাঁর কন্টাক্ট লিস্টের মানুষদের কাছ থেকে টাকা চাইছে। বর্তমানে কাশীতে অবস্থানরত সঞ্জয় বাবুর সঙ্গে ফোনে কথা বলে বিষয়টি নিশ্চিত হন অংশুমান পাল।
প্রতারণার শিকার হয়ে গতকাল রাতাবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন জিডিপিসিএফ সভাপতি। পাশাপাশি তিনি ন্যাশনাল সাইবার ক্রাইম হেল্পলাইন ১৯৩০-এও মামলাটি রেজিস্টার করেছেন।
এই ঘটনার পর অংশুমান পাল সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। অপরিচিত নম্বর বা পরিচিত মানুষের নম্বর থেকেও টাকা চাওয়ার মেসেজ এলে যাচাই না করে কোনও লেনদেন না করার পরামর্শ দিয়েছেন তিনি।












