বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটী : রাজ্যের সাংস্কৃতিক পর্ব, শিল্প, বাণিজ্য, সরকারি প্রতিষ্ঠান এবং প্রাচ্য ভিত্তিক কর্মনীতি বিভাগের মন্ত্রী বিমল বরা আজ গুয়াহাটি কমার্স কলেজে উপস্থিত হয়ে অধ্যাপক-অধ্যাপিকা ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।
শিক্ষার্থীদের বাণিজ্যিক ক্ষেত্রে এগিয়ে আসার আহ্বান
কলেজের অধ্যক্ষ বিপুল দাস-সহ অধ্যাপক-অধ্যাপিকা ও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় মন্ত্রী বড়া শিক্ষার্থীদের বাণিজ্যিক ক্ষেত্রের সম্ভাবনাময় দিক সম্পর্কে অবগত করেন। তিনি এই ক্ষেত্রের প্রতি আগ্রহী হওয়ার আহ্বান জানান। এই বিষয়ে সরকারের তরফ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন।
ছাত্র সংসদের আদর্শ সংযুক্ত রাষ্ট্র সম্মেলন প্রত্যক্ষ
এরপর মন্ত্রী বড়া কমার্স কলেজ ছাত্র সংসদের তিনদিনব্যাপী আয়োজিত চতুর্থ আদর্শ সংযুক্ত রাষ্ট্র সম্মেলন প্রত্যক্ষ করেন।
সম্মেলনে মাদকের ভয়াবহতা ও অবৈধ পাচার, অভিন্ন দেওয়ানি আইন, সম্প্রতি আমেরিকা যুক্তরাষ্ট্র, ইরান, ইসরাইল প্রভৃতি দেশের ছায়াযুদ্ধের ফলে বিশ্বে সৃষ্ট ভয়াবহতা প্রভৃতি বিভিন্ন বিষয় নিয়ে দুটি সদনে বিতর্ক হয়। মন্ত্রী বিতর্ক প্রত্যক্ষ করেন এবং অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা জানান।













