,

ডিএসএ স্টেডিয়ামে বিশ্বকাপের উন্মাদনা, মুখ্যমন্ত্রীর ফিফা ফ্যান পার্কে উপচে পড়া ভিড়

জনসংযোগ: শিলচর: বিশ্বকাপের উন্মাদনায় এবার সামিল হল বরাক উপত্যকাও। বৃহস্পতিবার শিলচরের জেলা ক্রীড়া সংস্থার স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল মুখ্যমন্ত্রীর ফিফা ফ্যান পার্ক। উদ্বোধনের প্রথম দিনেই ফুটবলপ্রেমীদের ঢল নামল স্টেডিয়ামে। সন্ধ্যা গড়াতেই দর্শকে কানায় কানায় ভরে ওঠে ফ্যান পার্ক। আসন পূর্ণ হয়ে যাওয়ার পরও বহু মানুষ দাঁড়িয়ে খেলা উপভোগ করেন। বিশ্বকাপের আবহ যেন এক লহমায় নেমে…

জনসংযোগ: শিলচর: বিশ্বকাপের উন্মাদনায় এবার সামিল হল বরাক উপত্যকাও। বৃহস্পতিবার শিলচরের জেলা ক্রীড়া সংস্থার স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল মুখ্যমন্ত্রীর ফিফা ফ্যান পার্ক। উদ্বোধনের প্রথম দিনেই ফুটবলপ্রেমীদের ঢল নামল স্টেডিয়ামে। সন্ধ্যা গড়াতেই দর্শকে কানায় কানায় ভরে ওঠে ফ্যান পার্ক। আসন পূর্ণ হয়ে যাওয়ার পরও বহু মানুষ দাঁড়িয়ে খেলা উপভোগ করেন। বিশ্বকাপের আবহ যেন এক লহমায় নেমে এল শিলচরে। অসম পর্যটন উন্নয়ন নিগম এবং কাছাড় জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে গড়ে ওঠা এই ফ্যান পার্কে বিশাল এলইডি পর্দায় সরাসরি সম্প্রচার করা হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ম্যাচ। উদ্বোধনের দিন দর্শকদের মূল আকর্ষণ ছিল ফ্রান্স ও মরক্কোর মধ্যকার কোয়ার্টার ফাইনাল। ম্যাচের প্রতিটি মুহূর্তে দর্শকদের উচ্ছ্বাস, করতালি, শিস আর প্রিয় দলের সমর্থনে মুখর হয়ে ওঠে গোটা স্টেডিয়াম। অনেকের কথায়, আন্তর্জাতিক স্টেডিয়ামের আবহই যেন ধরা পড়েছিল শিলচরের ডিএসএ মাঠে।

ফ্যান পার্কের উদ্বোধন করেন শিলচরের রাজ্যসভা সাংসদ কনাদ পুরকায়স্থ। তিনি বলেন, বিশ্বকাপের মতো আন্তর্জাতিক ক্রীড়া আসরকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এই উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাঁর কথায়, খেলাধুলা শুধু বিনোদন নয়, মানুষের মধ্যে শৃঙ্খলা, দলগত চেতনা, অধ্যবসায় ও পারস্পরিক শ্রদ্ধাবোধ গড়ে তোলে। ফুটবল এমন এক খেলা, যা ভাষা, ধর্ম, জাতীয়তা কিংবা ভৌগোলিক সীমারেখা অতিক্রম করে বিশ্বের কোটি কোটি মানুষকে একই আবেগে বেঁধে রাখে।

যুব সমাজের উদ্দেশে তিনি বলেন, মাঠে যেমন কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং দলগত প্রচেষ্টার মাধ্যমে সাফল্য আসে, জীবনের প্রতিটি ক্ষেত্রেও সেই মূল্যবোধ সমানভাবে প্রাসঙ্গিক। তরুণ প্রজন্মকে সেই শিক্ষা গ্রহণের আহ্বান জানান তিনি।

জেলা প্রশাসনের দাবি, বিশ্বকাপ চলাকালীন দর্শকদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশে খেলা দেখানোর জন্য পর্যাপ্ত বসার ব্যবস্থা, আলোকসজ্জা, নিরাপত্তা, জনসমাগম নিয়ন্ত্রণ সহ প্রয়োজনীয় সব ব্যবস্থাই করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাছাড় জেলা পরিষদের সভাপতি কঙ্কন নারায়ণ শিকদার, অতিরিক্ত জেলা আয়ুক্ত ডেভিড কুমার বরা, সহকারী আয়ুক্ত অরুণাভ চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শিবব্রত দত্ত, সদৌ অসম জেলা প্রশাসন কর্মচারি সংঘের কাছাড় জেলা শাখার সহকারী নাজির ও সম্পাদক বিকাশ দত্ত সহ বিভিন্ন ক্রীড়া সংগঠনের প্রতিনিধি ও বিপুল সংখ্যক ফুটবলপ্রেমী।

বিশ্বকাপ চলাকালীন প্রতিদিনই ডিএসএ স্টেডিয়ামের এই ফ্যান পার্কে সরাসরি সম্প্রচার করা হবে গুরুত্বপূর্ণ ম্যাচগুলি। প্রশাসনের আশা, ফুটবলকে ঘিরে এই উদ্যোগ শুধু বিশ্বকাপ উপভোগের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং বরাক উপত্যকায় ক্রীড়া সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *