,

বরাকের সংযোগে নতুন দিগন্ত: কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পালের নেতৃত্বে মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি

বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি : বরাক উপত্যকার তিন জেলার মানুষের দীর্ঘদিনের দাবি এবার মুখ্যমন্ত্রীর দরবারে। বুধবার আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মা-র সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি তুলে দিলেন মন্ত্রী কৌশিক রায় ও বিধায়ক কৃষ্ণেন্দু পাল সহ বরাকের ছয় জনপ্রতিনিধি। স্মারকলিপিতে তাঁরা সোনাবাড়িঘাট–শিলচর বাইপাস-কে মুন্ডামালা–পাথারকান্দি বাইপাস-এর সঙ্গে যুক্ত করে একটি নতুন সড়ক নির্মাণের আবেদন জানান। প্রতিনিধিদলের বক্তব্য, এই…

বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি : বরাক উপত্যকার তিন জেলার মানুষের দীর্ঘদিনের দাবি এবার মুখ্যমন্ত্রীর দরবারে। বুধবার আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মা-র সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি তুলে দিলেন মন্ত্রী কৌশিক রায় ও বিধায়ক কৃষ্ণেন্দু পাল সহ বরাকের ছয় জনপ্রতিনিধি।

স্মারকলিপিতে তাঁরা সোনাবাড়িঘাট–শিলচর বাইপাস-কে মুন্ডামালা–পাথারকান্দি বাইপাস-এর সঙ্গে যুক্ত করে একটি নতুন সড়ক নির্মাণের আবেদন জানান। প্রতিনিধিদলের বক্তব্য, এই একটি সড়কই বদলে দিতে পারে গোটা বরাক উপত্যকার চিত্র।

এই সড়ক চালু হলে কাছাড়, শ্রীভূমি ও হাইলাকান্দির মধ্যে যাতায়াত হবে আরও সহজ ও দ্রুত। পাশাপাশি মিজোরাম ও ত্রিপুরা-র সঙ্গে বাণিজ্যিক যোগাযোগেও আসবে নতুন গতি। কৃষকের ফসল সময়মতো বাজারে পৌঁছবে, ছাত্র-ছাত্রী ও রোগীরা সহজে পৌঁছতে পারবেন শিলচরের বড় হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানে। বর্ষা ও বন্যায় মূল সড়ক বন্ধ হয়ে গেলে এই পথই হয়ে উঠবে মানুষের ভরসা। একইসঙ্গে পর্যটনের প্রসার ও নতুন কর্মসংস্থানের দুয়ারও খুলবে।

স্মারকলিপি জমা দেওয়ার পর প্রতিনিধিরা বলেন, মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার নেতৃত্বে বরাক উপত্যকার উন্নয়ন নতুন উচ্চতায় পৌঁছবে। মানুষের স্বার্থে এই প্রস্তাবটি অবশ্যই গুরুত্ব পাবে বলে তাঁরা আশাবাদী।

প্রতিনিধিদলে ছিলেন — মন্ত্রী কৌশিক রায়, বিধায়ক কৃষ্ণেন্দু পাল, বিজয় মালাকার, কিশোর নাথ, অমিয় কান্তি দাস ও রাজদীপ গোয়ালা। সঙ্গে ছিলেন ড.মিলন দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *