৯ জুলাই থেকে ডিএসএ স্টেডিয়ামে বড় পর্দায় বিশ্বকাপের সরাসরি সম্প্রচার
বরাককণ্ঠ প্রতিবেদন: ফিফা বিশ্বকাপের উত্তেজনা এবার বরাক উপত্যকাতেও। মুখ্যমন্ত্রীর উদ্যোগে শিলচরের ডিএসএ স্টেডিয়ামে তৈরি হচ্ছে মুখ্যমন্ত্রীর ফিফা ফ্যান পার্ক। ৯ জুলাই থেকে টুর্নামেন্টের ফাইনাল ২০ জুলাই পর্যন্ত বড় পর্দায় বিশ্বকাপের সব ম্যাচের সরাসরি সম্প্রচার দেখতে পারবেন ফুটবলপ্রেমীরা।
মঙ্গলবার জেলাশাসকের কার্যালয়ের পুরনো সভাকক্ষে এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান কাছাড়ের জেলাশাসক রাহুল কুমার গুপ্তা। তাঁর সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলাশাসক দেবিদ কুমার বরাহ, জাগৃতি কালোয়ার।
জেলাশাসক বলেন, বরাক উপত্যকার ফুটবলপ্রেমীদের জন্য একটি নিরাপদ, প্রাণবন্ত ও সামাজিক পরিবেশে একসঙ্গে খেলা উপভোগের সুযোগ করতেই এই ফ্যান পার্কের আয়োজন। ৯ জুলাই থেকে ফাইনাল পর্যন্ত ডিএসএ স্টেডিয়ামের বড় পর্দায় প্রতিটি ম্যাচ সরাসরি দেখানো হবে। দর্শকদের সুবিধা ও নিরাপত্তার জন্য সমস্ত ব্যবস্থা রাখা হয়েছে।
রাহুল কুমার গুপ্ত আরও বলেন, “বরাক উপত্যকায় ফুটবলের জনপ্রিয়তা অনেক। এই উদ্যোগের মাধ্যমে হাজার হাজার ফুটবলপ্রেমী একসঙ্গে খেলার আনন্দ ভাগ করে নিতে পারবেন। পরিবার, তরুণ ও খেলাপ্রেমীদের জন্য নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে জেলা প্রশাসন সব রকম ব্যবস্থা করেছে। নাগরিকদের কাছে অনুরোধ, উৎসাহের সঙ্গে অংশ নিন, নিয়ম মানুন, প্রশাসনকে সহযোগিতা করুন। একসঙ্গে আমরা এই ফ্যান পার্ককে স্মরণীয় করে তুলব।”
তিনি জানান, আলো, শব্দযন্ত্র, নিরাপত্তা ব্যবস্থা ও অন্যান্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দিয়ে স্টেডিয়াম সাজানো হয়েছে। সম্প্রচারের সময় যাতে কোনো অসুবিধা না হয়, সেজন্য সব বিভাগের সঙ্গে সমন্বয় করা হয়েছে।
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মা গুয়াহাটি ও ডিব্রুগড়ের সাফল্যের পর ফ্যান পার্কের ধারণা আরও দুটি শহরে সম্প্রসারণের কথা ঘোষণা করেছিলেন। জনগণের ব্যাপক সাড়া পাওয়ায় এবার যোরহাট ও শিলচরেও এই উদ্যোগ চালু করা হচ্ছে। এর ফলে রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল একসঙ্গে বড় পর্দায় উপভোগ করতে পারবেন।












