,

বাজেটের প্রথম দিনেই সদনে উত্তাপ, পুশব্যাক ও সীমান্ত নিয়ে বিস্ফোরক তথ্য সরকারের

বরাককণ্ঠ প্রতিবেদন। দিসপুর: অসম বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম দিনেই বিদেশি বিতাড়ন ও ভারত-বাংলাদেশ সীমান্ত ইস্যুতে উত্তপ্ত হয়ে উঠল সদন। একদিকে বাংলাদেশিদের পুশব্যাক নিয়ে সরব হল এআইইউডিএফ, অন্যদিকে লিখিত প্রশ্নের উত্তরে সরকার যে তথ্য দিল তাতে চাঞ্চল্য ছড়িয়েছে। সদনে এআইইউডিএফ বিধায়ক মজিবুর রহমান অভিযোগ করেন, পুশব্যাকের নামে রাজ্য সরকার মানবাধিকার লঙ্ঘন করছে। তাঁর দাবি, আটক শিবির…

বরাককণ্ঠ প্রতিবেদন। দিসপুর: অসম বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম দিনেই বিদেশি বিতাড়ন ও ভারত-বাংলাদেশ সীমান্ত ইস্যুতে উত্তপ্ত হয়ে উঠল সদন। একদিকে বাংলাদেশিদের পুশব্যাক নিয়ে সরব হল এআইইউডিএফ, অন্যদিকে লিখিত প্রশ্নের উত্তরে সরকার যে তথ্য দিল তাতে চাঞ্চল্য ছড়িয়েছে।

সদনে এআইইউডিএফ বিধায়ক মজিবুর রহমান অভিযোগ করেন, পুশব্যাকের নামে রাজ্য সরকার মানবাধিকার লঙ্ঘন করছে। তাঁর দাবি, আটক শিবির থেকে এখন মামলা চলা ব্যক্তিরা হঠাৎ করে নিখোঁজ হয়ে যাচ্ছেন।

এদিকে বরপেটা জেলার বিদেশি ন্যায়াধিকরণ নিয়ে বিধায়ক দিগন্ত কলিতার লিখিত প্রশ্নের জবাবে সরকার যে তথ্য দিয়েছে তা রীতিমতো বিস্ফোরক। বিভাগীয় মন্ত্রী জানান, ৩১ মে ২০২৬ পর্যন্ত শুধু বরপেটা জেলাতেই বিদেশি ন্যায়াধিকরণে পাঠানো হয়েছে ৪০ হাজার ৭৪৪টি মামলা। কিন্তু এর মধ্যে বিতাড়িত হয়েছেন মাত্র ৪ জন বিদেশি। সরকার আরও জানায়, বরপেটায় এখনও ৪ হাজার ৭৯৩ জন ঘোষিত বিদেশি পলাতক রয়েছেন।

মজিবুর রহমানের অভিযোগের পাল্টা জবাব দেন দিগন্ত কলিতা। তিনি বলেন, মজিবুর রহমানের মতো বিধায়করাই বাংলাদেশিদের আড়াল করে রাখছেন।

সদনে ভারত-বাংলাদেশ সীমান্ত নিয়েও গুরুত্বপূর্ণ তথ্য পেশ করে সরকার। লিখিত উত্তরে বলা হয়, অসমে ভারত-বাংলাদেশ সীমান্তে এখনও কাঁটাতার দেওয়া বাকি আছে ৩৮.৯৫৯ কিলোমিটার। এর মধ্যে ৩৪.৬০৯ কিলোমিটার এলাকা নদী অঞ্চল এবং শ্রীভূমির কুশিয়ারা নদীর পাড়ে ৪.৩৫ কিলোমিটার এলাকায় সীমান্তরক্ষী বাহিনীর আপত্তি থাকায় কাঁটাতার দেওয়ার কাজ করা যাচ্ছে না। সরকার স্পষ্ট করে দেয়, সীমান্তে কাঁটাতার দেওয়ার সম্পূর্ণ দায়িত্ব কেন্দ্রীয় সরকারের, রাজ্য সরকারের নয়।

বাজেট অধিবেশনের শুরুতেই বিদেশি ও সীমান্ত ইস্যুতে সরকার ও বিরোধীর বাকযুদ্ধে সদন সরগরম হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *