,

দিসপুরে মুখ্যমন্ত্রীর সঙ্গে অসম বার্তাজীবী সংঘের বৈঠক

সাংবাদিকদের সুরক্ষায় পৃথক আইন ও স্বাস্থ্য বীমার দাবি, মুখ্যমন্ত্রীর ইতিবাচক আশ্বাস বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি: রাজ্যে কর্মরত সাংবাদিকদের সার্বিক নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে অসম সরকারের কাছে ১২ দফা দাবি পেশ করল অসম বার্তাজীবী সংঘ। শুক্রবার দিসপুরে মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মার সঙ্গে সংঘের একটি প্রতিনিধি দল সৌহার্দপূর্ণ বৈঠক করে সাংবাদিকদের দীর্ঘদিনের সমস্যাগুলি তুলে ধরেন। সংঘের উপদেষ্টা মুকুট…

সাংবাদিকদের সুরক্ষায় পৃথক আইন ও স্বাস্থ্য বীমার দাবি, মুখ্যমন্ত্রীর ইতিবাচক আশ্বাস

বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি: রাজ্যে কর্মরত সাংবাদিকদের সার্বিক নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে অসম সরকারের কাছে ১২ দফা দাবি পেশ করল অসম বার্তাজীবী সংঘ। শুক্রবার দিসপুরে মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মার সঙ্গে সংঘের একটি প্রতিনিধি দল সৌহার্দপূর্ণ বৈঠক করে সাংবাদিকদের দীর্ঘদিনের সমস্যাগুলি তুলে ধরেন।

সংঘের উপদেষ্টা মুকুট রাজ শর্মার নেতৃত্বে সহ-সভাপতি ভাস্কর শর্মা, সাধারণ সম্পাদক অঞ্জন কুমার শর্মা, কোষাধ্যক্ষ নবনীতা কলিতা ও রাজ্যিক কার্যনির্বাহী সদস্য তরণীচরণ কলিতা মুখ্যমন্ত্রীর হাতে একটি স্মারকপত্র তুলে দেন।

স্মারকপত্রে যা রয়েছে:
প্রধান দাবি: কর্মরত সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করতে অসমে একটি পৃথক আইন প্রণয়ন
স্বাস্থ্য ও আর্থিক সুরক্ষা: সাংবাদিকদের জন্য প্রস্তাবিত স্বাস্থ্য বীমা প্রকল্প অবিলম্বে চালু, অবসরপ্রাপ্ত সাংবাদিকদের মাসিক পেনশন ৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ২৫,০০০ টাকা করা এবং সুবিধাভোগীর সংখ্যা বৃদ্ধি
বেতন ও ভাতা: মজিঠিয়া মজুরি বোর্ডের সুপারিশ অনুযায়ী সাংবাদিক-সংবাদকর্মীদের বকেয়া বেতন আদায়ের ব্যবস্থা
চিকিৎসা: সাংবাদিক চিকিৎসা কল্যাণ প্রকল্পের আর্থিক অনুদান বৃদ্ধি ও চিকিৎসাধীন অবস্থাতেই তা প্রদান, সরকারি মেডিকেল কলেজগুলিতে সাংবাদিকদের চিকিৎসায় ছাড়
পরিবহণ: দূরপাল্লার ট্রেনে স্বীকৃত সাংবাদিকদের জন্য ২% আসন সংরক্ষণ ও টিকিটে ছাড়, অসম রাজ্য পরিবহণ নিগমের বাসে ভাড়ায় ছাড় পুনরায় চালু
অন্যান্য: জনসংযোগ বিভাগের প্রেস এক্রিডিটেশন কমিটিতে সংঘের সভাপতি-সম্পাদককে স্থায়ী সদস্য করা, অসম পুলিশের টোল-ফ্রি হেল্পলাইন, গুয়াহাটিতে সাংবাদিক গেস্ট হাউস নির্মাণ, সাংবাদিকদের মেধাবী সন্তানদের জন্য শিক্ষায় ছাড় এবং বন্ধ থাকা মিডিয়া ফেলোশিপ-গুডউইল মিশন পুনরায় চালু

বৈঠকে মুখ্যমন্ত্রী ড.শর্মা সাংবাদিকদের সমস্যা সমাধানে ইতিবাচক পদক্ষেপের আশ্বাস দেন। তিনি বলেন, “আমার কাছেই এখন জনসংযোগ বিভাগ রয়েছে। খুব শীঘ্রই বিভাগীয় আধিকারিকদের সঙ্গে আলোচনা করে বার্তাজীবী সংঘের দাবিগুলি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

অসম বার্তাজীবী সংঘের সভাপতি মধুসূধন মেধি ও সাধারণ সম্পাদক অঞ্জন কুমার শর্মা মুখ্যমন্ত্রীর এই আশ্বাসকে স্বাগত জানান। তাঁরা আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্যের সাংবাদিকদের মৌলিক সমস্যাগুলির সমাধান হবে।

এর আগে প্রতিনিধি দলটি মুখ্যমন্ত্রীর প্রধান প্রেস সচিব ও জনসংযোগ বিভাগের সঞ্চালকের সঙ্গেও সাক্ষাৎ করে একই বিষয়ে আলোচনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *