৫ জুলাই কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে প্রবেশ নিষিদ্ধ, মোবাইল-গ্যাজেট বহনে কড়া বিধিনিষেধ
জনসংযোগ। শিলচর : আগামী ৫ জুলাই অনুষ্ঠেয় সম্মিলিত প্রতিযোগিতামূলক প্রিলিমিনারি পরীক্ষা-২০২৫ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও স্বচ্ছভাবে পরিচালনার জন্য শিলচরের তিনটি পরীক্ষাকেন্দ্রের চারপাশে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ২০২৩-এর ১৬৩ ধারা অনুযায়ী নিষেধাজ্ঞা জারি করেছে কাছাড় জেলা প্রশাসন।
জেলা শাসক রাহুল কুমার গুপ্ত, আইএএস, এক আদেশে জানিয়েছেন, পরীক্ষার দিন সরকারি বালক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ মাধ্যমিক ও এম.পি. বিদ্যালয় এবং ডি.এন.এন.কে. বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ১০০ মিটার এলাকার মধ্যে পরীক্ষার্থী এবং পরীক্ষা পরিচালনা ও তদারকির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ছাড়া অন্য কারও প্রবেশ বা অবস্থান সম্পূর্ণ নিষিদ্ধ। আদেশে স্পষ্ট বলা হয়েছে, পরীক্ষার নির্দেশিকায় নিষিদ্ধ সব ধরনের সামগ্রী কেন্দ্রে নেওয়া যাবে না। মোবাইল ফোন, ইলেকট্রনিক গ্যাজেটসহ অসদুপায় অবলম্বনে সহায়ক হতে পারে এমন কোনও বস্তু পরীক্ষাকক্ষ বা হলের ভিতরে বহন ও ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ।
জেলা প্রশাসন জানিয়েছে, কিছু অসাধু ব্যক্তি পরীক্ষার পরিবেশ নষ্ট করার চেষ্টা করতে পারে। সেই আশঙ্কা থেকেই নির্বিঘ্ন ও স্বচ্ছ পরীক্ষার স্বার্থে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আদেশ লঙ্ঘন করলে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। এই নির্দেশ অবিলম্বে কার্যকর হয়েছে এবং ৫ জুলাই পরীক্ষা চলাকালীন পুরো সময় বলবৎ থাকবে। পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে পৌঁছাতে, শুধু অনুমোদিত নথি ও সামগ্রী সঙ্গে রাখতে এবং পরীক্ষা কর্তৃপক্ষের সব নির্দেশ মেনে চলতে বলেছে প্রশাসন।অভিভাবক ও সাধারণ নাগরিকদেরও কেন্দ্রের আশপাশে অপ্রয়োজনীয় ভিড় না করে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে, যাতে পরীক্ষা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।












