,

১০ জুলাই পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী জয়ন্ত মল্লবরুয়া, নতুন সরকার কী চমক আনবে?

অতিরিক্ত করের বোঝা ছাড়াই রাজস্ব বৃদ্ধির লক্ষ্য, নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে জোর বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি: আর মাত্র তিন দিন। ১০ জুলাই হিমন্ত বিশ্ব শর্মা সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী জয়ন্ত মল্লবরুয়া। ১ এপ্রিল আর্থিক বছর শুরু হওয়ার আগেই বিধানসভায় বাজেট পেশ করার কথা ছিল। কিন্তু নির্বাচনের কারণে সময়মতো পূর্ণাঙ্গ বাজেট পেশ করা যায়নি। রাজ্যবাসীর…

অতিরিক্ত করের বোঝা ছাড়াই রাজস্ব বৃদ্ধির লক্ষ্য, নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে জোর

বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি: আর মাত্র তিন দিন। ১০ জুলাই হিমন্ত বিশ্ব শর্মা সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী জয়ন্ত মল্লবরুয়া।

১ এপ্রিল আর্থিক বছর শুরু হওয়ার আগেই বিধানসভায় বাজেট পেশ করার কথা ছিল। কিন্তু নির্বাচনের কারণে সময়মতো পূর্ণাঙ্গ বাজেট পেশ করা যায়নি।

রাজ্যবাসীর আশা-আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে বাজেট পেশের আগে অর্থমন্ত্রী বিভিন্ন বিভাগের শীর্ষ আধিকারিকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন। কোন খাতে কত বরাদ্দ হবে, তার অঙ্ক প্রায় চূড়ান্ত।

অতিরিক্ত কর ছাড়াই রাজস্ব বাড়ানোর টার্গেট
এবারের বাজেটে সরকারের মূল লক্ষ্য অতিরিক্ত করের বোঝা না চাপিয়ে রাজস্ব বাড়ানো। সাধারণ মানুষের উপর নতুন কর না বসিয়েই কোষাগার শক্ত করার পরিকল্পনা নিয়েছে অর্থ দফতর।

পাশাপাশি নির্বাচনের সময় বিজেপি সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা পূরণের জন্য বাজেটে বিশেষ ব্যবস্থা রাখা হবে। শিক্ষামন্ত্রী ডা. রণোজ পেগু বলেন, “গত বছরের মতো এবারও মানুষ বাজেটে ভালো খবর ও নতুনত্ব পাবে।” পরিকাঠামো থেকে অরুণোদয় প্রকল্প — সব দিক সামলে একটি ‘ব্যালেন্সড বাজেট’ তৈরি করা হচ্ছে বলেও জানান তিনি।

বিরোধীদের প্রস্তুতি
সরকার বাজেট অধিবেশনের জন্য জোর প্রস্তুতি নিলেও বিরোধী কংগ্রেস এখনও চূড়ান্ত রণকৌশল ঠিক করেনি। অধিবেশনের আগে বিধায়ক দলের বৈঠকে এ নিয়ে সিদ্ধান্ত হবে।

তবে কংগ্রেস জানিয়েছে, বন্যা ও ভাঙন রোধে সরকারের ভূমিকা নিয়ে তারা সভায় সরব হবে। স্বাস্থ্য পরিকাঠামোর বেহাল দশার প্রসঙ্গও তুলবে বিরোধীরা। অসমের জ্বলন্ত সমস্যা, বিশেষ করে বন্যা ও ভাঙনে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে কংগ্রেস। সরকার যেসব বিষয়ে গুরুত্ব দিচ্ছে না, সেগুলো নিয়েও আওয়াজ তুলবে বিরোধী শিবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *