বরাককণ্ঠ প্রতিবেদন : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বলেছেন, ৩৭০ ধারা বিলোপের মাধ্যমে ড.শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দেখানো পথ সার্থক হয়েছে। শ্যামাপ্রসাদের মৃত্যুদিনে শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, দেশের ঐক্য ও সংহতি রক্ষায় তার অবদান অনস্বীকার্য। নতুন দিল্লিতে ন্যাফেডের নিলাম পোর্টাল উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জানান, ২৩ জুন বিজেপি কর্মীদের কাছে বিশেষ দিন। এই দিনেই জাতীয় ঐক্যের জন্য শ্যামাপ্রসাদ প্রাণ দিয়েছিলেন। দেশভাগের সময় পশ্চিমবঙ্গকে ভারতের অংশ রাখতে তার ভূমিকার কথাও স্মরণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, জম্মু-কাশ্মীরের জন্য বিশেষ মর্যাদা দেওয়া ৩৭০ ধারা আলাদা সংবিধান, পতাকা, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ব্যবস্থা করেছিল। শ্যামাপ্রসাদ এর বিরোধিতা করে বলেছিলেন—এক দেশে দুই সংবিধান, দুই পতাকা, দুই প্রধানমন্ত্রী চলতে পারে না। শ্যামাপ্রসাদ প্রতিষ্ঠিত ভারতীয় জনসংঘ থেকেই পরে বিজেপির উত্থান হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে কৃষকদের সরাসরি সুবিধা দেওয়ার উপর জোর দেন অমিত শাহ। মধ্যস্বত্বভোগীদের বাদ দিয়ে ডাল ও তৈলবীজ কেনা যাতে সরাসরি চাষিদের কাছ থেকে হয়, সেই দাবি তোলেন তিনি। তার কথায়, এতে ন্যূনতম সহায়ক মূল্যের পুরো সুবিধা কৃষকরা পাবেন। ১২ বছর আগে আর্থিক সঙ্কটে থাকা ন্যাফেড এখন ৭৪ লাখ চাষিকে পরিষেবা দিচ্ছে। সংস্থার বার্ষিক লেনদেন ৩০ হাজার কোটি টাকা এবং লাভ প্রায় ৫০০ কোটি টাকা। কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, গত দশকে কৃষি উৎপাদন অনেক বেড়েছে। ন্যাফেড ও এনসিসিএফ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ৪৮ ঘণ্টার মধ্যে চাষিদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে দিচ্ছে। এদিন অমিত শাহ চাষিদের সন্তানদের জন্য ন্যাফেড-কল্যাণ বৃত্তি, ডাল-তৈলবীজের মজুত দেখার ডিআরআইএসএইচটি পোর্টাল ও ইআরপি পোর্টালের সূচনা করেন।












