বরাককণ্ঠ প্রতিবেদন। কলকাতা : সংস্কৃতি মন্ত্রক, ভারত সরকারের অধীনস্থ পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্র, কলকাতা-র উদ্যোগে ২০ জুন ২০২৬, শুক্রবার সল্টলেকের ঐকতান মঞ্চে পালিত হল পশ্চিমবঙ্গ দিবস। অনুষ্ঠানে রাজ্যের সংস্কৃতি, ত্যাগ ও আত্মপরিচয়ের ইতিহাসকে শ্রদ্ধা জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের সম্মানীয় মন্ত্রী ড.কাল্যাণ ব্রত চক্রবর্তী, বিধায়ক দিব্যেন্দু অধিকারী, সংস্কার ভারতী-র সভাপতি নীলাঞ্জনা রায় এবং পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক আশিস কুমার গিরি। প্রদীপ প্রজ্বলন ও মঙ্গলাচরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল ‘পশ্চিমবঙ্গ দিবস’ নামের একটি গ্রন্থের উন্মোচন। বইটি রচনা করেছেন পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক আশিস কুমার গিরি। গ্রন্থটিতে পশ্চিমবঙ্গের ঐতিহাসিক পটভূমি, সাংস্কৃতিক পরিচয় ও আন্দোলনের ইতিহাস তুলে ধরা হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা পশ্চিমবঙ্গের আত্মত্যাগ, সংস্কৃতি ও ঐতিহ্যের কথা স্মরণ করেন। ড.কাল্যাণ ব্রত চক্রবর্তী বলেন, “এই দিনটি আমাদের শিকড়কে মনে করিয়ে দেয়। সংস্কৃতিই পারে মানুষকে এক সুতোয় বাঁধতে।” আশিস কুমার গিরি জানান, “‘পশ্চিমবঙ্গ দিবস’ গ্রন্থটি নতুন প্রজন্মের কাছে রাজ্যের ইতিহাস পৌঁছে দেওয়ার একটি প্রচেষ্টা।”
অনুষ্ঠানের শেষ পর্বে ছিল সাংস্কৃতিক পরিবেশনা। লোকগান, আবৃত্তি ও নৃত্যের মাধ্যমে পশ্চিমবঙ্গের লোকসংস্কৃতি তুলে ধরা হয়। উপস্থিত দর্শকরা করতালির মাধ্যমে শিল্পীদের উৎসাহ দেন।
পশ্চিমবঙ্গ দিবস শুধু একটি তারিখ নয়, এটি বাঙালির আত্মপরিচয় ও সংগ্রামের প্রতীক। পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্রের এই আয়োজন রাজ্যের সংস্কৃতিকে নতুন করে জানার ও গর্ব করার সুযোগ করে দিল।












